ইসির কাছে ৯ দাবি জামায়াতের
নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে অতিরিক্ত সচিব মো. সামসুল আলমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল, এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ বহাল রাখাসহ ৯ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (২৯ জুলাই) নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
জামায়াতের দাবিগুলোর মধ্যে রয়েছে—ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব মো. সামসুল আলমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল, এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে অযোগ্য ঘোষণার প্রস্তাব পুনর্বিবেচনা, কার্যক্রম নিষিদ্ধ দলের পদধারী নেতাদের স্থানীয় সরকার নির্বাচনে অযোগ্য ঘোষণা এবং বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানে দায়িত্ব পালনকারী রাজনৈতিক প্রশাসকদের নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞা।
বৈঠক শেষে মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট একজন ব্যক্তিকে ইসির মতো সাংবিধানিক প্রতিষ্ঠানে অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়ায় কমিশনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে। তার দাবি, সামসুল আলম আগে বিএনপির নির্বাচনী আসন পুনর্নির্ধারণ কমিটির সদস্য ছিলেন। তবে এ বিষয়ে নির্বাচন কমিশন জানিয়েছে, তার রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়টি তাদের জানা ছিল না এবং নিয়োগটি সরকার দিয়েছে।
মতামত দিন