নিউগিনি আবাসন প্রকল্পে হামলা-লুটপাটের ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বর এলাকার নিউগিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলার অন্যতম আসামি মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ৫৯ বছর বয়সী মিজানুর রহমান কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল গফুরের জামাতা বলে জানিয়েছে ডিবি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পশ্চিম মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল। ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিবি জানায়, মিজানুর রহমানকে গ্রেপ্তারের সময় সংসদ সদস্য মো. আব্দুল গফুর সেখানে উপস্থিত ছিলেন। তার সামনেই মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
নিউগিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় রোববার (২৭ সেপ্টেম্বর) ক্যান্টনমেন্ট থানায় মামলা করা হয়। আবাসন প্রকল্পটির পক্ষে মো. সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।
মামলায় নাম থাকা অন্য আসামিরা হলেন শাহরিয়ার মাহমুদ, মো. আবুল কাশেম, মো. বাবুল হোসেন, মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরী, মোহাম্মদ শাহিনুজ্জামান, মতিউর রহমান, মজিবুর রহমান, নুরুল ইসলাম, এমকে আজাদ, মো. মামুন, মো. আসলাম ও মুন্না।
পুলিশের ভাষ্য অনুযায়ী, নিউগিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে হামলা ও ভাঙচুরের সময় আলোচিত কনটেন্ট নির্মাতা সালমান মুক্তাদিরের স্টুডিওতেও ভাঙচুর ও লুটপাট চালানো হয়। ওই ঘটনায় দায়ের করা মামলার তদন্তের অংশ হিসেবে মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
মতামত দিন