Views Bangladesh Logo

মানহানি মামলায় আগাম জামিন পেলেন জামায়াত এমপি আমির হামজা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগে দায়ের করা মামলায় আগাম জামিন পেয়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মুফতি আমির হামজা।

সোমবার (২৭ এপ্রিল) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। জামিন আবেদনের শুনানিতে অংশ নিতে সকালে সশরীরে হাইকোর্টে উপস্থিত হন আমির হামজা।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৬ মার্চ কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে এক আলোচনায় জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ বলে মন্তব্য করেন মুফতি আমির হামজা। এই বক্তব্যের জেরে গত ২ এপ্রিল তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্নেল।

মামলা দায়েরের দিনই আদালত আমির হামজাকে তলব করে ২১ এপ্রিল হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। নির্ধারিত দিনে আদালতে উপস্থিত না হওয়ায় ওই দিনই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এরই পরিপ্রেক্ষিতে আজ উচ্চ আদালত থেকে আগাম জামিন নিলেন এই সংসদ সদস্য।

উল্লেখ্য, তাঁর বিরুদ্ধে এর আগেও বিভিন্ন সময়ে উসকানিমূলক ও আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগ রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ