শেষ পর্যন্ত এমপি হিসেবে শপথ নিলেন জামায়াতের সদস্যরা
শেষ পর্যন্ত সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সদস্যরা। সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নিলেন তারা।
এ সময় একই সঙ্গে শপথ নেন স্বতন্ত্র সংসদ সদস্যরাও। তবে, রুমিন ফারহানাসহ তিনজন স্বতন্ত্র এমপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১২টা ২০ মিনিটে তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এর আগে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদেরও শপথ পড়ান তিনি।
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৭৭টি আসনে জয় পান জামায়াত জোটের প্রার্থীরা। এর ফলে দেশের সংসদীয় ইতিহাসে প্রথমবারের মতো প্রধান বিরোধী দল হিসেবে সংসদে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার সকালে জাতীয় সংসদ সচিবালয়ে এমপি হিসেবে শপথ নেন বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা। তবে তারা সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবে কোনো শপথ নেননি। শপথ অনুষ্ঠানের আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হইনি এবং সংবিধানে এখনও এটি ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে তা সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। এরপর সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ গ্রহণ করাবেন, তার বিধান করা যাবে।
এ বক্তব্য প্রকাশের পর জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়, জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণে অংশ নেবেন না। কারণ সংস্কারবিহীন সংসদ অর্থহীন।
এতে অনিশ্চয়তা তৈরি হলে সংসদ ভবনের শপথ কক্ষে জরুরি বৈঠকে বসেন জোটের শীর্ষ নেতারা। বৈঠকে করণীয় নির্ধারণ নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে