সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক
সৈয়দপুর বিমানবন্দরে নগদ ৫০ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দীনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (১১ ফেব্রুয়ারি) জব্দকৃত টাকাসহ তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে নীলফামারী পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম (পিপিএম) জানান, গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর বিমানবন্দরে বিশেষ অভিযান চালায় পুলিশ। ঢাকা থেকে আসা নভোএয়ারের একটি ফ্লাইটে তিনি সৈয়দপুর অবতরণ করেন। এ সময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ সুপার আরও জানান, আটককৃত ব্যক্তি ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত টাকার পরিমাণ প্রায় ৫০ লাখ বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে টাকাগুলো গণনার কাজ চলছে এবং এই অর্থের উৎস ও ব্যবহারের উদ্দেশ্য সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণের আগে এই বিপুল পরিমাণ অর্থ বহনের বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে জেলা পুলিশ ও সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা। পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে