Views Bangladesh Logo

জামায়াত নেতার নির্দেশে অবৈধ ভোটের সিল তৈরির অভিযোগ

 VB  Desk

ভিবি ডেস্ক

লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুত করা ভোটের সিল জব্দের ঘটনায় জামায়াত নেতা জড়িত থাকার অভিযোগে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় জামায়াত নেতা সৌরভ হোসেন শরীফ ও ব্যবসায়ী সোহেল রানার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন।

এর আগে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে সদর মডেল থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবীর বাদী হয়ে মামলা করেন।

পুলিশ জানায়, মামলার এক আসামি সোহেল রানাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে অপর আসামি সৌরভ হোসেন শরীফ আত্মগোপনে রয়েছেন। ঘটনার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে জেলা জামায়াতের আমির।

অভিযুক্ত সৌরভ হোসেন শরীফ লক্ষ্মীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি এবং দক্ষিণ বাঞ্চানগর এলাকার বাসিন্দা। তিনি হাসপাতাল রোডে অবস্থিত ‘আধুনিক অফসেট অ্যান্ড ডিজিটাল সাইন’-এর মালিক। অভিযোগ অনুযায়ী, জাল ভোট প্রদানের উদ্দেশ্যে শরীফের অর্ডারে সোহেল রানা ভোটের সিলগুলো তৈরি করে নিজের দোকানে সংরক্ষণ করে রেখেছিলেন।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার সোহেল রানা সদর উপজেলার টুমচর ইউনিয়নের টুমচর গ্রামের বাসিন্দা এবং জেলা শহরের পুরাতন আদালত সড়কের ‘মারইয়াম প্রিন্টার্স’-এর স্বত্বাধিকারী। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে তার দোকানে অভিযান চালিয়ে ১৬ ঘর বিশিষ্ট ৬টি ভোটের সিল, একটি কম্পিউটার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৩০ জানুয়ারি জামায়াত নেতা শরীফ সোহেলের কাছে পাঁচটি নির্বাচনী সিল তৈরির অর্ডার দেন। এ সংক্রান্ত একটি ভয়েস মেসেজ হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে প্রভাবিত করার অসৎ উদ্দেশ্যে প্রতারণার মাধ্যমে অবৈধভাবে এসব সিল তৈরি করা হয়।

এ বিষয়ে এসআই মনির হোসেন জানান, গ্রেপ্তার সোহেল রানাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে এখনো রিমান্ড আবেদন করা হয়নি। অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না তা তদন্ত করা হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ