জামায়াত দল হিসেবে অকৃতজ্ঞ: মীর শাহে আলম
জামায়াতে ইসলামীকে ‘অকৃতজ্ঞ’ দল হিসেবে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের বাঁশখালীতে বন্যাদুর্গত পরিবারের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মীর শাহে আলম বলেন, ‘এই দলের অভিনয় দেখতে দেখতে আমরা ক্লান্ত। এদের কৃতজ্ঞতাবোধ খুবই কম। ২০০১ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জামায়াতের দুই নেতাকে মন্ত্রী করেছিলেন। এর মাধ্যমে তাদের রাজাকারের তকমা দূর করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু জামায়াত এখন সেসব কথা ভুলে গেছে।’
তিনি আরও বলেন, ‘এ সরকার জনগণের সরকার, দুই-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত। অথচ ছয় মাস না যেতেই তারা এখন লংমার্চ করে সরকার পতনের হুমকি দেয়।’
আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হবে জানিয়ে দলীয় নেতাকর্মীদের এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। উপজেলা নির্বাচনে বিএনপি একক প্রার্থীকে সমর্থন দেবে। কেউ এর বিরোধিতা করলে বা বিদ্রোহী প্রার্থী হলে তাঁর বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।
এনসিপি ও জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের পুরোনো সম্পর্ক রয়েছে বলেও দাবি করেন মীর শাহে আলম। তাঁর ভাষ্য, ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতাদের সঙ্গে তাদের যোগাযোগ থাকতে পারে এবং পুরোনো সম্পর্ক আবারও জোড়া লাগতে পারে। দেশে বর্তমানে চলমান আন্দোলন আওয়ামী লীগকে সহায়তা করছে বলেও মন্তব্য করেন তিনি।
১১ দলীয় জোটের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, জোটের কয়েকটি দল ‘ফুটবল টিমের’ মতো তাঁর দলের সঙ্গে খেলতে নামছে এবং ছয় মাস না যেতেই সরকার পতনের কথা বলছে। আন্দোলনের অভিজ্ঞতা তাঁদের চেয়ে বিএনপির বেশি বলেও মন্তব্য করেন তিনি।
এনসিপির নেতাদের রাজনৈতিক বক্তব্যের সমালোচনা করে মীর শাহে আলম বলেন, তাঁরা বয়সে কম হলেও রাজনৈতিক বক্তব্যে শিষ্টাচার মানছেন না। তারেক রহমানকে নিয়ে তাঁদের বক্তব্যেরও সমালোচনা করেন তিনি। তবে দলের নেতাকর্মীদের ধৈর্য ধরতে বলা হয়েছে বলে তাঁরা চুপ আছেন বলে মন্তব্য করেন।
বিএনপি কোনো পক্ষের হুমকিকে গুরুত্ব দেয় না উল্লেখ করে তিনি বলেন, যারা গত নির্বাচনে বিএনপির সঙ্গে ‘বেঈমানি’ করেছে, দলে তাদের আর ঠাঁই হবে না। দলের জন্য দুঃসময়ে যারা কাজ করেছেন, তাঁরা ঠিকাদারিসহ বৈধ সব সুযোগ পাবেন।
মতামত দিন