দেশে যত অপকর্ম হচ্ছে সব জামায়াত করছে, কিন্তু দেয় বিএনপির ওপর: দুদু
দেশে যত অপকর্ম হচ্ছে সব জামায়াত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
তিনি বলেন, ইসলামকে নিয়ে ব্যবসা করে জামায়াত। দেশে যত অপকর্ম হচ্ছে সব জামায়াতে ইসলামী করছে, কিন্তু চাপিয়ে দেওয়া হচ্ছে বিএনপি সরকারের ওপর।
বৃহস্পতিবার (২১ মে) প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশের মানুষ ইতিহাস ও বাস্তবতা সম্পর্কে সম্পূর্ণ সচেতন উল্লেখ করে দুদু বলেন, তাই অপপ্রচার ও মিথ্যাচার করে জনগণের আস্থা অর্জন করা যাবে না। জনগণের মূল সমর্থন এখন বিএনপির পক্ষেই রয়েছে, কোনো ধরনের অপপ্রচারে লাভ হবে না।
মিথ্যাচার ছাড়া জামায়াতের আর কোনো রাজনীতি নেই উল্লেখ করে শামসুজ্জামান দুদু বলেন, দেশে বিভিন্ন অপকর্ম সংঘটিত হলেও একটি গোষ্ঠী সেসবের দায় বর্তমান সরকারের ওপর চাপানোর চেষ্টা করছে। তারা ইসলামকে ব্যবহার করে মূলত ইসলামের বিরুদ্ধেই ভূমিকা পালন করছে।
ইউনূস সরকারের ব্যর্থতার কারণে হাম বৃদ্ধি পেয়েছে জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, হামের প্রাদুর্ভাব সম্পর্কে পাঁচ-ছয়বার লিখিতভাবে আগের সরকারকে সতর্ক করা হয়েছিল। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। আমাদের নির্মূল করা হামের মতো রোগও আগের সরকারের ব্যর্থতার কারণে দেশে আবার ফিরে এসেছে। তবে বর্তমান সরকার এখন জরুরি ভিত্তিতে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।
জামায়াতে ইসলামীর সমালোচনা করে দুদু বলেন, ইতিহাসের ধারায় তারা কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি। দেশের মানুষ ভালো করেই জানে, ১৯৭১ সালে কারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল আর কারা পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল।
কেউ বিএনপির নাম ব্যবহার করে অপরাধে লিপ্ত হলে তাকে অবিলম্বে আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়ে দুদু বলেন, যারা অপকর্ম করছে, তারা বিএনপি করে না। অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে