কারওয়ান বাজারে চাঁদাবাজি নিয়ে সংলাপে জামায়াত ও বিএনপি এমপির বাগযুদ্ধ
রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক দুই থেকে তিন কোটি টাকার চাঁদাবাজি হয় বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও ঢাকা-১২ আসনের এমপি সাইফুল আলম খান। তবে এই দাবিকে ‘ঢালাও অভিযোগ’ আখ্যা দিয়ে তাকে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাহমুদা হাবীবা।
আজ সোমবার রাজধানীর একটি অভিজাত হোটেলে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত ‘জাতীয় বাজেট ২০২৬-২৭: রাজনৈতিক প্রতিশ্রুতি ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক প্রাক্-বাজেট সংলাপে এ ঘটনা ঘটে। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্যের সঞ্চালনায় এই সংলাপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিডির বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক অধ্যাপক এ কে এনামুল হক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শরমিন্দ নীলোর্মি, নিট পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিকেএমইএর সাবেক সভাপতি ফজলুল হক প্রমুখ।
সংলাপে সাইফুল আলম খান বলেন, কারওয়ান বাজারের কয়েকটি পাইকারি মুরগির দোকান থেকেই মাসে ৬০ লাখ টাকা চাঁদা আদায় হয়। চাঁদাবাজরা বাইরে রাজনৈতিক নেতা হলেও ভেতরে আসলে চাঁদাবাজ। তিনি ইঙ্গিত দেন, আগের সরকারের মতো বর্তমান সরকারি দলের লোকেরাও এই চাঁদাবাজিতে জড়িত — তবে প্রকাশ্যে নাম বলতে রাজি হননি।
জবাবে মাহমুদা হাবীবা বলেন, নিজের এলাকায় চাঁদাবাজি হচ্ছে জেনেও কারা করছে তা না জানা দুঃখজনক। সুনির্দিষ্ট নাম ও তালিকা নিয়ে আইনের আশ্রয় নেওয়া উচিত ছিল। নাম না দিয়ে অভিযোগ করলে তা ঢালাও বক্তব্যই হয়।
তিনি বলেন, আমার এলাকায় যে-ই চাঁদাবাজি করবে, সে সরকারি দল হোক বা বাইরের হোক, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব এবং আইনের আশ্রয় নেব। তাই আমি জামায়াত এমপির এই দাবি প্রত্যাখ্যান করছি।’
পাল্টা জবাবে সাইফুল আলম বলেন, সরকারি দলের লোকদের বিরুদ্ধে পুলিশ সহজে মামলা নিতে চায় না।
তিনি দাবি করেন, কারওয়ান বাজারের চাঁদাবাজি নিয়ন্ত্রণকে কেন্দ্র করে অতীতে যুবদলের একজন নেতা নিহত হয়েছিলেন এবং আগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও এই চাঁদাবাজিতে জড়িত ছিলেন।
তিনি জানান, বিষয়টি নিয়ে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে কথা বলেছেন এবং কারওয়ান বাজার, মহাখালী ও তেজগাঁও অঞ্চলের দীর্ঘদিনের এই চাঁদাবাজি চিরতরে বন্ধ করতে চান।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে