Views Bangladesh Logo

এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের নির্দেশ, না মানলে স্পিকার-ইসিকে চিঠি

জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী মো. নজরুল ইসলামকে সংসদ সদস্য (এমপি) পদ থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছে দলটি। তিনি স্বেচ্ছায় পদত্যাগ না করলে তার এমপি পদ বাতিলের দাবিতে জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশনের (ইসি) কাছে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত।

বুধবার (২২ জুলাই) দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, গাজী নজরুল এখন আর জামায়াতের কেউ নন। ফলে তিনি জামায়াতের এমপি নন। এ বিষয়ে যেসব আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে, সবই নেওয়া হবে।

জামায়াত সূত্র জানায়, সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করে গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হয়। তদন্তে ‘নৈতিক স্খলন’ প্রমাণিত হয়েছে উল্লেখ করে বুধবার আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে দলীয় গঠনতন্ত্রের ৬২ ধারায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

দলের নির্বাহী পরিষদের একাধিক সদস্য জানিয়েছেন, গাজী নজরুলকে এমপি পদ ছাড়তে বলা হয়েছে। তবে তিনি এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত দলকে জানাননি।

জামায়াতের এক সংসদ সদস্যের ভাষ্য, গাজী নজরুল যদি পদত্যাগ না করে আইনি লড়াই চালিয়ে যান, তাহলে কিছু সময় এমপি পদে বহাল থাকতে পারেন। তবে তিনি জামায়াতের সংসদীয় দলের সঙ্গে বসতে পারবেন না।

গত সোমবার রাতে গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে তিনি দাবি করেন, ভিডিওতে থাকা ১৮ বছর বয়সী তরুণী তার বৈধ দ্বিতীয় স্ত্রী। একই দাবি করেছেন ওই তরুণী, তার বাবা এবং গাজী নজরুলের প্রথম স্ত্রীও।

তবে বিয়ের নিবন্ধন নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কাজী দাবি করেছেন, ১৭ জুন নয়, বিয়ের নিবন্ধন হয়েছে ১৯ জুলাই। যদিও বাংলাদেশের আইনে বিয়ে সম্পন্ন হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে তা নিবন্ধনের সুযোগ রয়েছে।

এদিকে আইন বিশেষজ্ঞরা বলছেন, শুধু দল থেকে বহিষ্কার হওয়ার কারণে কোনো সংসদ সদস্যের পদ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয় না। সংবিধান অনুযায়ী, এমপি পদ শূন্য হওয়ার বিষয়টি সাংবিধানিক বিধান ও নির্বাচন কমিশনের প্রক্রিয়ার ওপর নির্ভর করে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ