Views Bangladesh Logo

খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

 VB  Desk

ভিবি ডেস্ক

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (১ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি শোক প্রকাশ করেন।

পোস্টে তিনি লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের সংবাদে আমি গভীরভাবে মর্মাহত। শোকসন্তপ্ত ইরানের জনগণের প্রতি জানাই আন্তরিক সমবেদনা। মহান আল্লাহতায়ালা তাদের এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দান করুন।’

মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি ইতোমধ্যে আঞ্চলিক স্থিতিশীলতাকে চরম ঝুঁকির মুখে ফেলেছে। এ অবস্থা যদি আরও সামরিক সংঘাতে রূপ নেয়, তবে তা শুধু একটি দেশের জন্য নয়, সমগ্র অঞ্চলের জন্যই ভয়াবহ পরিণতি ডেকে আনবে।

তিনি আরও বলেন, পবিত্র রমজান মাসে কোনো ধরনের হামলা বিশ্বব্যাপী সাধারণ মানুষের মনে গভীর ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি করবে এবং বৈশ্বিক শান্তিকে আরও বিপন্ন করবে।

সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানসহ সংশ্লিষ্ট সব পক্ষকে অবিলম্বে সামরিক কার্যক্রম বন্ধ করে কূটনৈতিক সমাধানের পথে এগোতে হবে।

আন্তর্জাতিক আইন, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করাকে এখন সবচেয়ে জরুরি অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে তিনি জাতিসংঘ ও বিশ্বনেতাদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ