রুমিন ফারহানার বক্তব্যের সময় অশালীন আচরণ, নিন্দা জামায়াত আমিরের
জামায়াতে ইসলামী আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যের সময় ট্রেজারি বেঞ্চের কিছু সদস্যের আচরণে তীব্র অসন্তোষ প্রকাশ করে নিন্দা জানিয়েছেন।
রোববার (১৯ এপ্রিল) বিকেলে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে তিনি পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ অসন্তোষ ও নিন্দা জানান।
ডা. শফিকুর রহমান বলেন, “একজন সংসদ সদস্য যখন বক্তব্য দেন, তাকে নিয়ন্ত্রণ করা বা বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া একমাত্র স্পিকারের এখতিয়ার। আজ আমি লক্ষ্য করেছি, একজন স্বতন্ত্র সংসদ সদস্য (রুমিন ফারহানা) যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন ট্রেজারি বেঞ্চের কিছু সম্মানিত সদস্য এমন কিছু অঙ্গভঙ্গি করেছেন, যা আমার বিবেককে আহত করেছে। এ ধরনের আচরণ আমি প্রত্যাশা করি না।”
তিনি আরও বলেন, “আমি লক্ষ্য করেছি, যারা চার-পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তারাও এমন আচরণ করেছেন। আমি তাদের নাম উল্লেখ করে নিজেকে বিব্রত করতে চাই না। প্রথম দিন থেকেই আমরা এখানে একটি ভালো সংস্কৃতি চর্চার আহ্বান জানিয়ে আসছি; আমরা শিখতে চাই এবং জাতিকেও অনুপ্রাণিত করতে চাই।”
বিরোধীদলীয় নেতা বলেন, “মাননীয় স্পিকার, আজ আমি দুইবার দেখেছি—যারা ট্রেজারি বেঞ্চে আছেন এবং আপনার সঙ্গে সবচেয়ে বেশি সহযোগিতা করার কথা, তারাই বারবার আপনার অনুরোধ উপেক্ষা করে তাদের আচরণ চালিয়ে গেছেন। এমনকি আপনি মাইক্রোফোন না দেওয়ার পরও তারা কথা বলে যাচ্ছিলেন—সংসদে কী হচ্ছে, তা আমরা বুঝতে পারছি না।”
স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, “মাননীয় সদস্য রুমিন ফারহানার বক্তব্যের সময় যে আচরণ করা হয়েছে, তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। আমি এ ঘটনায় দুঃখ প্রকাশ করছি এবং এর নিন্দা জানাতে বাধ্য হচ্ছি।”

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে