Views Bangladesh Logo

জাতিসংঘে পাকিস্তানের কড়া সমালোচনা জয়শঙ্করের

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে পাকিস্তানের কড়া সমালোচনা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি সরাসরি পাকিস্তানের নাম না নিয়ে দেশটিকে ‘সন্ত্রাসবাদের ধারাবাহিক চর্চাকারী’ হিসেবে উল্লেখ করেন। আগের দিন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বক্তব্যের প্রসঙ্গেই তিনি এসব কথা বলেন।

নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে জয়শঙ্কর বলেন, আগের দিন একজন ‘সন্ত্রাসবাদের ধারাবাহিক চর্চাকারী’ জাতিসংঘে তথ্য বিকৃত করে উপস্থাপন করেছেন। সন্ত্রাসবাদকে স্বাভাবিক হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে এবং এর পরিণতি থেকে দায়মুক্তির কথাও বলা হয়েছে। এসব মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেন তিনি।

জয়শঙ্কর বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার ভারত প্রয়োগ করবে। সন্ত্রাসবাদের সঙ্গে বন্ধুত্ব এবং একই সঙ্গে তা দমনের সদিচ্ছা—দুটো একসঙ্গে চলতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, শান্তির জন্য সন্ত্রাসবাদ দীর্ঘদিনের একটি বড় হুমকি। কোনো দেশ সীমান্ত পেরিয়ে রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসবাদে মদদ দিলে তা আন্তর্জাতিক ব্যবস্থার জন্য সরাসরি হুমকি। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত সরকারগুলোর জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সন্ত্রাসবাদের অর্থের উৎস চিহ্নিত করে তা বন্ধ করার ওপরও জোর দেন।

এর আগে শুক্রবার জাতিসংঘে দেওয়া বক্তব্যে শাহবাজ শরিফ ভারত-পাকিস্তান সংঘাতের প্রসঙ্গ তোলেন। তিনি ভারতের ‘অপারেশন সিঁদুর’কে ‘ভুল অজুহাতে চালানো বহিরাগত আগ্রাসন’ হিসেবে উল্লেখ করেন এবং পাকিস্তানের সামরিক বাহিনীর প্রশংসা করেন। সংঘাত থামাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘সময়োপযোগী হস্তক্ষেপের’ জন্যও তাকে ধন্যবাদ জানান।

ভারত ২০২৫ সালের ৭ মে ‘অপারেশন সিঁদুর’ শুরু করে। নয়াদিল্লির দাবি ছিল, ২২ এপ্রিল পেহেলগামে ২৬ জন নিহত হওয়ার হামলার জবাবে পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে ওই অভিযান চালানো হয়। পাকিস্তান অবশ্য পেহেলগাম হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছিল।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতার দাবিকে ভারত প্রত্যাখ্যান করেছে। নয়াদিল্লির বক্তব্য, পাকিস্তানের সামরিক বাহিনীর সামরিক পরিচালনা মহাপরিচালকের (ডিজিএমও) অনুরোধের পর অভিযান স্থগিত করা হয়েছিল।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ