আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ, দাবি ইনকিলাব মঞ্চের
ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি। শুক্রবার বিকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় জাবের গুলিবিদ্ধ হন বলে ইনকিলাব মঞ্চের অফিশিয়াল ফেসবুক পেজের এক পোস্টে জানানো হয়।
পোস্টে বলা হয়েছে, ‘জাবের ভাই গুলিবিদ্ধ। জুমা-শান্তাকে বুট দিয়ে পাড়ানো হইছে।’
এদিন বিকাল সাড়ে ৪টার দিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের সঙ্গে সংগঠনটির তীব্র সংঘর্ষ হয়। এসময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে।
জানা গেছে, যমুনা অভিমুখে যাওয়ার সময় পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যেতে গেলে পুলিশ ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের বাধা দেয়। এসময় পুলিশের ছোঁড়া গুলিতে সংগঠনটির সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করা হয়েছে।
আব্দুল্লাহ আল জাবেরের ফেসবুক আইডি থেকেও জানানো হয়, ‘শতাধিক আহত ও জাবের গুলিবিদ্ধ হয়েছেন।’ শান্তভাবে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়ে বলা হয়, আপাতত কোন জমায়েত করবেন না। আমরা চিকিৎসা নিয়ে আবার রাজপথে আসবো।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে