Views Bangladesh Logo

শারীরিক শক্তি ও কৌশলী খেলায় প্রতিরোধ গড়বে আইভরিকোস্ট

আফ্রিকার অন্যতম শক্তিশালী ফুটবল দল হিসেবে পরিচিত আইভরিকোস্ট। দেশটির তাদের গতিময় আক্রমণভাগ, শারীরিক সক্ষমতা এবং প্রতিভাবান খেলোয়াড়দের জন্য বিশ্বজুড়ে সমাদৃত। আফ্রিকান ফুটবলে দীর্ঘদিন ধরেই অন্যতম পরাশক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে তারা। আইভরিকোস্ট একাধিকবার আফ্রিকা কাপ অফ নেশনস শিরোপা জিতেছে এবং ফিফা ওয়ার্ল্ড কাপেও অংশ নিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। ফিফা র‍্যাঙ্কিং অনুযায়ী বর্তমানে আইভরিকোস্ট ৩৪তম অবস্থানে রয়েছে।

বিশ্বকাপে অতীত রেকর্ড ও অংশগ্রহণ
আইভরিকোস্ট আন্তর্জাতিক অঙ্গনে "দি এলিফ্যান্টস" নামে পরিচিত। দেশটি এ পর্যন্ত চারবার ফিফা বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। ২০১০ সালে গ্রুপ পর্বে ব্রাজিল ও পর্তুগালের মতো দলের সাথে লড়াই করে, তবে নকআউট পর্বে উঠতে পারেনি। ২০১৪ সালে গ্রুপ পর্বের শেষ ম্যাচে গ্রিসের কাছে হেরে অত্যন্ত দুর্ভাগ্যের সাথে নকআউট পর্বে ওঠার সুযোগ হাতছাড়া করে।

শক্তিমত্তা
আইভরিকোস্ট তাদের শারীরিক শক্তি, গতি এবং কৌশলগত খেলার জন্য পরিচিত। ২০২৩ সালের আফ্রিকা কাপ অফ নেশনস ফাইনালে নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে স্বাগতিক আইভরিকোস্ট চ্যাম্পিয়ন হয়। এটি তাদের তৃতীয় আফ্রিকান শিরোপা। এছাড়া দলের খেলোয়াড়দের ব্যক্তিগত দক্ষতা ও শারীরিক সক্ষমতা খুবই উচ্চমানের। বর্তমানে দলটির টিম স্পিরিট বা দলীয় সংহতি অত্যন্ত শক্তিশালী।

দুর্বলতা
গত কয়েক বছরের পারফরম্যান্স বিশ্লেষণ করলে আইভরিকোস্টের ফুটবলারদের কিছু নির্দিষ্ট দুর্বলতা ফুটে ওঠে। বড় টুর্নামেন্টের মাঝপথেই খারাপ পারফরম্যান্সের কারণে কোচ ছাঁটাইয়ের মতো ঘটনা দলের মানসিক স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলে। ২০২৩ সালের আফ্রিকান কাপ অব নেশন্সে চ্যাম্পিয়ন হওয়ার পথে গ্রুপ পর্বে তারা ইকুয়াটোরিয়াল গিনির বিপক্ষে ৪-০ গোলে হেরেছিল, যা তাদের বড় দুর্বলতাকেই প্রকাশ করে।

গুরুত্বপূর্ণ খেলোয়াড়
আইভরিকোস্ট ফুটবল দলের বেশিরভাগ গুরুত্বপূর্ণ খেলোয়াড় ইউরোপের শীর্ষস্থানীয় ক্লাবগুলোতে খেলছেন। দলের অন্যতম প্রধান স্তম্ভ ও মিডফিল্ডার ফ্রাঙ্ক কেসি সৌদি ক্লাব আল-আহলি এবং সেকো ফোফানা পর্তুগিজ ক্লাব এফসি পোর্তোতে খেলছেন। রক্ষণভাগে এএস রোমার ইভান এনডিকা, স্পোর্টিং সিপি-র উসমান দিওমান্দে, আতালান্তার ওডিলন কসোনু এবং গ্যালাতাসারের উইলফ্রেড সিঙ্গো দলের রক্ষণ শক্তিশালী রেখেছেন। আক্রমণভাগে বা মিডফিল্ডে তরুণ তুর্কি আমাদ দিয়ালো ম্যানচেস্টার ইউনাইটেড, সাইমন আডিংরা মোনাকো এবং নিকোলাস পেপে ভিয়ারিয়াল সিএফ-এর হয়ে খেলছেন। এছাড়াও, ইভান কুয়েসান্দ ক্রিস্টাল প্যালেস, এমানুয়েল আগবাদু বেশিকতাস এবং গোলরক্ষক ইয়াহিয়া ফোফানা তুরস্কের কায়সারিস্পোরে খেলছেন। এই শক্তিশালী স্কোয়াডটি ২০২৫ আফ্রিকান কাপ অফ নেশনস বিজয়ী এবং ২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে অংশগ্রহণ করছে। এরাই দলের প্রধানতম ভরসা।

গ্রুপ প্রতিপক্ষ
আইভরি কোস্ট ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে গ্রুপ ই-তে স্থান পেয়েছে। তাদের গ্রুপটি বেশ প্রতিদ্বন্দ্বিতামূলক, যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি, দক্ষিণ আমেরিকার শক্তিশালি দল ইকুয়েডর এবং এই প্রথম বিশ্বকাপ খেলতে আসা কুরাসাও। নিজেদের প্রথম ম্যাচে তারা ইকুয়েডরের মুখোমুখি হবে। আফ্রিকান কাপ অফ নেশনস জয় এবং বিশ্বকাপ বাছাইপর্বে অপরাজিত থাকার আত্মবিশ্বাস নিয়ে, আইভরিকোস্টের লক্ষ্য এবারই প্রথম নকআউট পর্বে জায়গা করে নেওয়া।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ