মধ্যরাতে ফেসবুকে মির্জা ফখরুলের আবেগঘন বার্তা
রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার আগে বিএনপির মহাসচিব ও মন্ত্রিসভার দায়িত্ব থেকে সরে দাঁড়ানো মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবার সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন। বুধবার গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দলীয় নেতাকর্মীদের কাছ থেকে বিদায় নেওয়ার কথা জানান তিনি।
পোস্টে মির্জা ফখরুল লেখেন, ‘আজ আপনাদের থেকে সর্বশেষ বিদায় নেওয়ার সময় এসেছে। আজকে শেষবারের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বলে বিদায় নিচ্ছি।’ এরপর তিনি লেখেন, ‘আপনাদের বিশ্বস্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর।’
বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের বৈঠকে আবেগঘন বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্যের সময় তিনি একাধিকবার কান্নায় ভেঙে পড়েন বলে উপস্থিত সংসদ সদস্যরা জানান। দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা স্মৃতিচারণের মাঝে প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার প্রসঙ্গ উঠলে তিনি বিশেষভাবে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং দল ও খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় উপস্থিত নেতারা তাকে সান্ত্বনা দেন এবং তিনি দলের নেতাকর্মীদের কাছে দোয়া চাওয়ার পাশাপাশি আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে তাকে সমর্থনের আহ্বান জানান।
তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকেই রাষ্ট্রপতি নির্বাচন নিয়েও আলোচনা হয়। উল্লেখ্য, ১৩ আগস্ট রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর মির্জা ফখরুল সংসদ সদস্য, মন্ত্রী ও বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ করেন। ফলে এই সভাটি ছিল মহাসচিব হিসেবে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তার শেষ দিকের আনুষ্ঠানিক পর্বগুলোর একটি।
সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতার কারণে প্রার্থী হিসেবে তার অবস্থান তুলনামূলক শক্তিশালী, আর প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন জামায়াতে ইসলামী-নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী, এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।
মতামত দিন