Views Bangladesh Logo

স্কুলে বোরকা ও নেকাব নিষিদ্ধ করতে যাচ্ছে ইতালি

স্কুলে বোরকা ও ও নেকাব নিষিদ্ধ করা, শ্রেণিকক্ষে বিদেশি শিক্ষার্থীর সংখ্যায় আইনি সীমা আরোপ এবং কিছু বিদেশি অভিভাবকের জন্য ইতালীয় ভাষা শেখা বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ।

রবিবার (২০ সেপ্টেম্বর) রোমে নিজ দল ব্রাদার্স অব ইতালির পক্ষ থেকে আয়োজিত এক যুব উৎসবে এসব প্রস্তাবের কথা জানান মেলোনি। তিনি বলেন, যারা ভবিষ্যৎ গড়তে ইতালিতে আসছেন, তাদের অবশ্যই ইতালীয় ভাষা শিখতে হবে, দেশের সংস্কৃতি বুঝতে হবে এবং এর নিয়ম-কানুন মেনে চলতে হবে।

প্রস্তাবিত ব্যবস্থা অনুযায়ী, শিক্ষাব্যবস্থার সঙ্গে মানিয়ে নিতে বড় ধরনের সমস্যায় পড়া বিদেশি শিক্ষার্থীদের অভিভাবকদের ইতালীয় ভাষার ক্লাসে অংশ নিতে বাধ্য করা হবে। শ্রেণিপ্রতি বিদেশি শিক্ষার্থীর নতুন সীমা এখনো নির্ধারণ করেনি সরকার।

প্রস্তাবিত আইনটি কার্যকর হতে জারির ৬০ দিনের মধ্যে সংসদের অনুমোদন লাগবে। ইতালিতে বর্তমানে নির্দেশিকা অনুযায়ী এক শ্রেণিতে বিদেশি শিক্ষার্থীর হার ৩০ শতাংশে সীমিত রাখার বিধান থাকলেও সরকার এটিকে আইনি বাধ্যবাধকতায় রূপ দিতে চায়।

বিভিন্ন প্রতিবেদনে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ইতালির স্কুলগুলোতে বর্তমানে মোট শিক্ষার্থীর প্রায় ১২ শতাংশ বিদেশি।

ইতালিতে বর্তমানে বোরকা বা নিকাবের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। বিদ্যমান আইন অনুযায়ী নির্দিষ্ট পরিস্থিতিতে মুখ ঢেকে রাখা পোশাক পরিধানে কড়াকড়ি থাকলেও ধর্মীয় বা সাংস্কৃতিক কারণে ছাড় দেওয়ার বিধান ছিল, তবে পরিচয় যাচাইয়ের সময় মুখ উন্মুক্ত করার নিয়ম ছিল।

ইতালির আসন্ন সাধারণ নির্বাচনের আগে এবং অভিবাসন ও সমন্বয় ইস্যুতে আরও ডানপন্থী দলগুলোর সঙ্গে প্রতিযোগিতার মধ্যে মেলোনির এই ঘোষণা এলো। কার্যকর হওয়ার আগে প্রস্তাবগুলো রাজনৈতিক ও আইনি বিতর্কের মুখে পড়বে বলে ধারণা করা হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ