ইসরায়েল-লেবানন বৈঠক পিছিয়ে অক্টোবরে
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অনুষ্ঠিত হতে যাওয়া ইসরায়েল ও লেবাননের মধ্যকার পরবর্তী দফার আন্তর্জাতিক বৈঠকটি পিছিয়ে আগামী অক্টোবর মাসে নির্ধারণ করা হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের (স্টেট ডিপার্টমেন্ট) এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পূর্বপরিকল্পনা অনুযায়ী, আগামী সপ্তাহে ইতালির রোমে বহুপাক্ষিক এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সময়সূচি সংক্রান্ত জটিলতার কারণে বৈঠকটি এক মাস পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে এক ইসরায়েলি কর্মকর্তা। অবশ্য রোমের বৈঠক পিছিয়ে গেলেও কূটনৈতিক আলোচনা থেমে থাকছে না।
ইসরায়েলি কর্মকর্তা জানান, দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) প্রত্যাহার এবং সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে নিরস্ত্র করার প্রস্তাবিত 'ফ্রেমওয়ার্ক চুক্তি' বাস্তবায়নের কৌশল নির্ধারণে ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে বৈঠকে বসছেন দুই দেশের রাষ্ট্রদূতরা।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ইসরায়েলের আসন্ন নির্বাচন এবং চুক্তির শর্ত বাস্তবায়নে হিজবুল্লাহর অনমনীয় মনোভাবের কারণে শান্তি প্রক্রিয়ার গতি কিছুটা ধীর হয়ে পড়েছে।
এদিকে দ্য টাইমস অব ইসরায়েলকে দেওয়া এক সাক্ষাৎকারে লেবানন সরকারের এক শীর্ষ কর্মকর্তা অভিযোগ করে বলেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর “নির্বিচার” বিমান ও সামরিক হামলা হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের জন্য বৈরুতের নেওয়া রাজনৈতিক ও প্রশাসনিক পদক্ষেপগুলোকে সরাসরি বাধাগ্রস্ত করছে।
অন্যদিকে জেরুজালেমের দাবি, এই দায়িত্ব পালনের জন্য লেবাননের সশস্ত্র বাহিনী (এলএএফ) এখনো পুরোপুরি প্রস্তুত নয়।
মতামত দিন