Views Bangladesh Logo

ইসরায়েলি হামলায় লেবাননের উচ্চপদস্থ সেনা কর্মকর্তাসহ নিহত ১২

দক্ষিণ লেবাননজুড়ে ইসরাইলি হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে লেবাননের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাও রয়েছেন। শনিবার (৬ জুন) এই হামলায় নিহতদের মধ্যে একজন ব্রিগেডিয়ার জেনারেল, একজন ক্যাপ্টেন এবং একজন সেনা সদস্য রয়েছেন। লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, খারদালি-নাবাতিয়া সড়কে তাদের একটি সামরিক যানের ওপর এই হামলা চালানো হয়।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, হামলাটি একটি সক্রিয় যুদ্ধক্ষেত্রে চালানো হয়েছে। তাদের দাবি, ওই এলাকায় চলাচলের ক্ষেত্রে ইসরাইলি বাহিনীর সঙ্গে সমন্বয় করা প্রয়োজন ছিল। ঘটনাটি নিয়ে তারা তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে।

তবে লেবাননের সেনাবাহিনী এই হামলাকে ইচ্ছাকৃত ও বারবার চালানো নৃশংস আগ্রাসন হিসেবে অভিহিত করেছে। তাদের দাবি, একটি সমাধানে পৌঁছানোর সব প্রচেষ্টা ব্যর্থ করে দিতেই এই হামলা করা হয়েছে।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এই হামলাকে লেবাননের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইন ও রীতিনীতির চরম লঙ্ঘন বলে অভিহিত করেছেন। প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম একে জঘন্য অপরাধ এবং লেবাননের জনগণের ওপর হামলা বলে বর্ণনা করেছেন।

নিহতদের মধ্যে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল ওয়াসাম সাবরা, ক্যাপ্টেন এলি খৌরি এবং সেনা সদস্য হুসেইন ঘাজল। বিবৃতিতে প্রধানমন্ত্রী এই তিনজনের পরিবার ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ঘটনাটি নিয়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

তথ্যসূত্র: আল জাজিরা

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ