যুদ্ধবিরতি কার্যকরের পরেও লেবাননে ইসরাইলি হামলা, নিহত ৫
সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই দক্ষিণ লেবাননে আবারও বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানায়, শুক্রবার (১৯ জুন) রাত থেকে শনিবার (২০ জুন) সকাল পর্যন্ত দক্ষিণাঞ্চলীয় নাবাতিয়েহ এলাকায় একাধিক দফায় হামলা চালানো হয়। ইসরাইলি যুদ্ধবিমান ও ড্রোনের এসব আক্রমণে বেশ কয়েকটি আবাসিক ভবন ও ঘরবাড়ি ধ্বংস হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ভোরের আগে নাবাতিয়েহ শহর ও এর আশপাশের এলাকায় গোলাবর্ষণও চালায় ইসরাইলি বাহিনী, ফলে স্থানীয় জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এর আগে শুক্রবার লেবাননে চলমান উত্তেজনার মধ্যে ইসরাইল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে সম্মত হয় বলে নিশ্চিত করেন একজন মার্কিন কর্মকর্তা। একই তথ্য পৃথকভাবে নিশ্চিত করেছেন একজন জ্যেষ্ঠ ইসরাইলি কর্মকর্তা এবং হিজবুল্লাহর দুটি সূত্রও।
মার্কিন ওই কর্মকর্তা জানান, যুদ্ধবিরতি শুক্রবার স্থানীয় সময় বিকেল ৪টা (গ্রিনিচ মান সময় দুপুর ১টা) থেকে কার্যকর হওয়ার কথা ছিল। তবে চুক্তি কার্যকর হওয়ার অল্প সময়ের মধ্যেই নতুন হামলার ঘটনায় পরিস্থিতি আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে।
মতামত দিন