ইরানের পারমাণবিক কর্মসূচির মূলকেন্দ্রে হামলা চালানো হয়েছে: নেতানিয়াহু
ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচির প্রধান কেন্দ্র লক্ষ্য করে সফল হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবার (১৩ জুন) ভোররাতে ইরানের বিভিন্ন অঞ্চলে চালানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রসঙ্গে তিনি এই মন্তব্য করেন।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, হামলার সময় রাজধানী তেহরানসহ আশপাশের এলাকায় বিস্ফোরণের প্রচণ্ড শব্দ শোনা গেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর প্রধান জেনারেল হোসেইন সালামি এবং দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত দুই বিজ্ঞানী নিহত হয়েছেন।
নেতানিয়াহু জানান, তেহরান থেকে প্রায় ২২৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত নাতানজ পারমাণবিক কেন্দ্রে সরাসরি হামলা চালানো হয়েছে, যেটি ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মূলকেন্দ্র হিসেবে পরিচিত। তার ভাষায়, ‘এই অভিযানের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক বোমা তৈরির প্রচেষ্টা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সামরিক সক্ষমতা ধ্বংস করা।’
হামলার পর তেহরানে ছয় থেকে নয়টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। কিছু আবাসিক ভবনেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, ‘এটি ছিল আগাম প্রতিরোধমূলক হামলা,’ যার মাধ্যমে ইরানের হুমকি প্রতিহত করার চেষ্টা করা হয়েছে।
এদিকে এই হামলার পর ইসরায়েলজুড়ে ‘বিশেষ জরুরি অবস্থা’ ঘোষণা করেছে নেতানিয়াহুর সরকার। নিরাপত্তা বাহিনীগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে এবং সম্ভাব্য পাল্টা প্রতিক্রিয়ার জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে