Views Bangladesh Logo

লেবাননে ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ৫

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় এক সাংবাদিকসহ পাঁচজন নিহত হয়েছেন। বুধবার লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) এ তথ্য নিশ্চিত করেছে। এ হামলায় অঞ্চলটিতে চলমান নাজুক যুদ্ধবিরতি আরও অনিশ্চয়তার মুখে পড়েছে।

এনএনএ জানায়, দক্ষিণ লেবাননের আত-তিরি গ্রামে একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে গাড়িতে থাকা দুজন নিহত হন।

তবে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা দক্ষিণ লেবাননে দুটি গাড়িতে হামলা চালিয়েছে, যেগুলো হিজবুল্লাহর ব্যবহৃত একটি সামরিক স্থাপনা থেকে বের হয়েছিল।

পরে একই গ্রামের একটি ভবনে বিমান হামলা চালানো হলে স্থানীয় সংবাদমাধ্যম আল আখবার-এর সাংবাদিক আমাল খলিল ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন। পরে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আল জাজিরার প্রতিবেদক হেইডি পেট জানান, আমাল খলিল ও তার সহকর্মী জয়নব ফারাজ ইসরায়েলি হামলার খবর সংগ্রহ করতে ঘটনাস্থলে গিয়েছিলেন। হামলার পর দীর্ঘ সময় উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারেননি। পরে জয়নব ফারাজকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযোগ, সাংবাদিকরা যে ভবনে আশ্রয় নিয়েছিলেন, সেটিকেই লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়া অ্যাম্বুলেন্সের চলাচল ঠেকাতে হদ্দাতা সংযোগকারী প্রধান সড়কেও হামলা চালানো হয়েছে।

লেবাননের তথ্যমন্ত্রী পল মরকোস হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এ ঘটনার জন্য ইসরায়েল সম্পূর্ণ দায়ী। সাংবাদিকদের নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি।

অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, তারা সাংবাদিকদের লক্ষ্য করে হামলা চালায় না এবং বেসামরিক ক্ষয়ক্ষতি এড়াতে কাজ করে। উদ্ধারকাজে বাধা দেওয়ার অভিযোগও অস্বীকার করেছে তারা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ