Views Bangladesh Logo

ইসরায়েলের নির্বাচনে অচলাবস্থা, বড় ধাক্কা খাচ্ছে নেতানিয়াহুর জোট

ইসরায়েলের সর্বশেষ সংসদ নির্বাচনের বুথফেরত জরিপে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের চিত্র উঠে এসেছে। এতে কোনো জোটেরই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার স্পষ্ট পথ দেখা যাচ্ছে না।

১৯৯৯ সালের পর সর্বোচ্চ ভোটার উপস্থিতি রেকর্ড হলেও প্রাথমিক পূর্বাভাসে ১২০ আসনের নেসেটে (ইসরায়েলি পার্লামেন্ট) সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা থেকে নেতানিয়াহুর ডানপন্থি জোট উল্লেখযোগ্যভাবে পিছিয়ে আছে।

ইসরায়েলের চ্যানেল ১২ নিউজের পূর্বাভাস অনুযায়ী, নেতানিয়াহুর ক্ষমতাসীন জোটের আসন আগের ৬৮ থেকে কমে ৫২-তে নেমে আসতে পারে। অন্যদিকে আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট পেতে পারে ৪৯ আসন। আরব নেতৃত্বাধীন দলগুলো উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে বলে জানা গেছে। বুথফেরত জরিপে ইঙ্গিত মিলেছে, আসন্ন পার্লামেন্টে তারা রেকর্ড প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারে।

জরিপের ফল প্রকাশের পর সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে নেতানিয়াহু আশাবাদ প্রকাশ করেন। তিনি দাবি করেন, ফলাফলে প্রমাণ হয়েছে ‘জায়নবাদী ও ইহুদি জনগণের নির্ণায়ক সংখ্যাগরিষ্ঠ অংশ’ তাঁর ডানপন্থি জোটকে জোরালোভাবে সমর্থন করছে।

তবে আরব দলগুলোর সঙ্গে সরকার গঠনের যেকোনো সম্ভাবনা তিনি কঠোরভাবে নাকচ করে দিয়েছেন। ওই দলগুলোকে ‘জায়নবাদবিরোধী’ আখ্যা দিয়ে তিনি অভিযোগ করেন, তারা ইসরায়েলের ধ্বংস চায়।

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে চূড়ান্ত ফল ঘোষণা হতে পারে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জোট গঠনের আলোচনা কয়েক দিন বা কয়েক সপ্তাহ পর্যন্ত গড়াতে পারে। দীর্ঘস্থায়ী রাজনৈতিক অচলাবস্থা, সংখ্যালঘু সরকার বা ঐক্যের সরকার গঠন, অথবা নতুন করে নির্বাচনের ডাক, সবই এখন সম্ভাব্য পরিণতি হিসেবে খোলা আছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ