Views Bangladesh Logo

লেবানন-সিরিয়া সীমান্তে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৪

লেবাননের পূর্বাঞ্চলে সিরীয় সীমান্তের কাছে ইসরায়েলের একটি ড্রোন হামলায় চারজন নিহত হয়েছেন। রোববার সংঘটিত এই হামলায় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন ইসলামিক জিহাদের সদস্যদেরকে লক্ষ্যবস্তু করা হয়েছিল বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানায়, লেবানন-সিরিয়া সীমান্তে একটি গাড়িকে লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল। গাড়িটির ভেতর থেকে “চারটি মরদেহ” উদ্ধার করা হয়েছে বলে সংস্থাটি উল্লেখ করে। পরে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে চারজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে।

অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানায়, তারা “মাজদাল আনজার এলাকায় ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সন্ত্রাসীদের ওপর আঘাত হেনেছে।”

২০২৪ সালের নভেম্বরে ইসরায়েল ও লেবাননের প্রভাবশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে এক বছরের বেশি সময় ধরে চলা সংঘাত বন্ধে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে সেই যুদ্ধবিরতির পরও লেবাননে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। অধিকাংশ ক্ষেত্রে তারা ইরান-সমর্থিত হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করলেও মাঝেমধ্যে তাদের ফিলিস্তিনি মিত্র হামাসকেও লক্ষ্যবস্তু করা হচ্ছে।

ইসরায়েলের দাবি অনুযায়ী, যুদ্ধবিরতি পরবর্তী সময়ে ইসলামিক জিহাদের বিরুদ্ধে এটিই তাদের প্রথম হামলা।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাতে লেবাননে ইসলামিক জিহাদের সদস্যরাও নিহত হন। ওই সময় ইসলামিক জিহাদ ও হামাস—উভয় সংগঠনই লেবানন থেকে ইসরায়েলের বিরুদ্ধে কিছু হামলা ও অনুপ্রবেশের চেষ্টা চালানোর দাবি করেছিল।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনের ভিত্তিতে এএফপির হিসাব অনুযায়ী, যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত লেবাননে ইসরায়েলি হামলায় ৩৭০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ