Views Bangladesh Logo

গাজায় স্কুলের কাছে ইসরায়েলি ড্রোন হামলা, নিহত অন্তত ১০

ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত একটি স্কুলের কাছে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। সোমবার সংঘটিত এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।

জানা গেছে, গাজার মধ্যাঞ্চলের মাগাজি শরণার্থী শিবিরের পূর্বদিকে ইসরায়েল সমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে স্থানীয় ফিলিস্তিনিদের সংঘর্ষের সময় এ হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে হঠাৎ ইসরায়েলি ড্রোন এসে এলাকায় দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যা গিয়ে পড়ে একটি ঘনবসতিপূর্ণ এলাকায়, যেখানে অধিকাংশই বাস্তুচ্যুত মানুষ বসবাস করছিল।

স্থানীয়দের অভিযোগ, ওই সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা একটি স্কুলে হামলা চালিয়ে কিছু মানুষকে অপহরণের চেষ্টা করছিল। এতে উত্তেজনা ছড়িয়ে পড়লে এলাকাবাসী প্রতিরোধ গড়ে তোলে। এর মধ্যেই ড্রোন হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী আহমেদ আল-মাগাজি বলেন, ‘আমরা আমাদের ঘরবাড়ি রক্ষার চেষ্টা করছিলাম, কিন্তু আমাদের সরাসরি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।’

অন্যদিকে, ইসরায়েল সমর্থিত গোষ্ঠীর এক নেতা দাবি করেছেন, তারা হামাসের পাঁচ সদস্যকে হত্যা করেছে। তবে এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে হামাসের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিন গাজা সিটিতেও পৃথক একটি ড্রোন হামলায় মোটরসাইকেলে থাকা এক ফিলিস্তিনি নিহত হন এবং তার সঙ্গে থাকা এক শিশু আহত হয়। এছাড়া গাজার মধ্যাঞ্চলে আরেকটি ঘটনায় একটি গাড়িকে লক্ষ্য করে গুলি চালিয়ে আরও একজনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে চিকিৎসা সূত্র।

সব মিলিয়ে সোমবার গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ১২ জনে। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সহিংসতা অব্যাহত থাকায় পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠেছে। সূত্র: রয়টার্স

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ