Views Bangladesh Logo

ইরানের নিরাপত্তা প্রধান লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

ইরানের প্রভাবশালী জাতীয় নিরাপত্তা প্রধান আলি লারিজানিকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। একই সঙ্গে তেহরানের বাসিজ আধা-সামরিক বাহিনীর প্রধান গোলামরেজা সোলেইমানিও নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৭ মার্চ) ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাৎজ এক বিবৃতিতে এই তথ্য জানান। বার্তা সংস্থা এএফপি ও দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করা হয়েছে।

ক্যাৎজের বরাত দিয়ে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, "আমাকে (ইসরায়েলি সেনাবাহিনীর) চিফ অব স্টাফ এই মাত্র জানিয়েছেন যে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান লারিজানি ও বাসিজ বাহিনীর প্রধান সোলেইমানিকে গতকাল রাতে হত্যা করা হয়েছে।"

ইরানের বিরুদ্ধে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সমন্বিত হামলার আজ ১৮তম দিন। এই হত্যার ঘটনা সত্যতা মিললে এটি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর সবচেয়ে বড় ও চাঞ্চল্যকর ঘটনা হবে।

ক্যাৎজ ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতাকে 'হত্যা প্রকল্পের প্রধান' আখ্যা দিয়ে বলেন, ওই দুই নেতা এখন খামেনির সঙ্গে জাহান্নামের অতল গহ্বরে অবস্থান করছেন। তাদের সঙ্গে আছেন অপর নিহত দোসররাও।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে প্রকাশিত একটি ছবিতে নেতানিয়াহুকে ফোন হাতে দেখা গেছে। ছবির ক্যাপশনে লেখা, 'প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের শাসকগোষ্ঠীর জ্যেষ্ঠ সদস্যদের হত্যার নির্দেশ দিচ্ছেন।'

এর আগে বাসিজ বাহিনীর প্রধান সোলেইমানিকে 'তেহরানে নিখুঁত হামলা চালিয়ে' হত্যার ঘোষণা দেয় ইসরায়েলি সেনা। ইসরায়েলের সামরিক প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির জানান, 'গতকাল রাত থেকে এখন পর্যন্ত বেশ কিছু প্রতিরোধমূলক অর্জন পেয়েছি আমরা।'

তবে তেহরান এখনো লারিজানি বা সোলেইমানির মৃত্যু আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। অপরদিকে কিছু ইরানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, লারিজানি শিগগিরই একটি বার্তা প্রকাশ করতে পারেন। রাষ্ট্রীয় পর্যায় থেকে কোনো স্বীকৃতি না আসায় এই হত্যার দাবি নিয়ে ধোঁয়াশা বিরাজ করছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ