লেবাননের নাবাতিয়েহ শহরে ইসরায়েলি বিমান হামলা, মেয়রসহ পাঁচজন নিহত
লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়েহ শহরে ইসরায়েলের বড় আকারের বিমান হামলায় শহরের মেয়রসহ পাঁচজন নিহত হয়েছেন। হামলায় শহরের পৌরসভা ভবন ও অন্যান্য সরকারি কার্যালয়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ধ্বংসস্তূপে কেউ জীবিত অবস্থায় আটকে আছে কি না, তা যাচাই করা হচ্ছে। খবর রয়টার্সের।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, নিহতদের মধ্যে নাবাতিয়েহর মেয়র আহমাদ কাহিলও আছেন। গভর্নর হোওয়াইদা তুর্ক বলেন, “এটি একটি গণহত্যার ঘটনা।” হামলার সময় মেয়র কাহিল পৌরসভা ভবনের ভেতরে ছিলেন। উদ্ধারকর্মীরা আরও অনেক হতাহতের কথা জানাচ্ছেন।
ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) দাবি করেছে, তারা নাবাতিয়েহ এলাকায় হিজবুল্লাহর ‘কিছু সামরিক অবস্থান’ লক্ষ্য করে হামলা চালিয়েছে। আইডিএফ জানায়, বিমানবাহিনী সামরিক ভবন, সদরদপ্তর এবং অস্ত্র-গোলাবারুদের গুদামে আঘাত হেনেছে। তারা অভিযোগ করেছে, হিজবুল্লাহ বেসামরিক ভবনের কাছে এসব অবস্থান তৈরি করে বেসামরিক মানুষদের ‘মানব ঢাল’ হিসেবে ব্যবহার করছিল।
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের অভিযান চলমান। ২৩ সেপ্টেম্বর থেকে হিজবুল্লাহর বিরুদ্ধে বিমান হামলার তীব্রতা বাড়ানো হয়েছে। এক সপ্তাহ পর স্থল অভিযানও শুরু হয়। ২৪ ঘণ্টার ব্যবধানে অন্তত ২০০ দফা বিমান হামলা চালানো হয়। আনুষ্ঠানিক হিসাব মতে, এই অভিযান শুরুর পর লেবাননে অন্তত ১,৩৫০ মানুষ প্রাণ হারিয়েছেন, যদিও বিশ্লেষকরা নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে