লেবাননের সঙ্গে সরাসরি শান্তি আলোচনায় বসতে প্রস্তুত ইসরায়েল: নেতানিয়াহু
লেবাননের সঙ্গে দ্রুততম সময়ে সরাসরি শান্তি আলোচনায় বসার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, বৈরুতের পক্ষ থেকে বারবার আলোচনার আহ্বান জানানো হয়েছে বলেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নেতানিয়াহু এক বিবৃতিতে জানান, ‘ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করতে লেবাননের পক্ষ থেকে একাধিকবার আবেদন জানানো হয়েছে। সেই প্রেক্ষিতে আমি বুধবার মন্ত্রিসভাকে লেবাননের সঙ্গে যত দ্রুত সম্ভব আলোচনা শুরুর নির্দেশ দিয়েছি।’
তিনি আরও বলেন, এই আলোচনার মূল উদ্দেশ্য হবে হিজবুল্লাহকে নিরস্ত্র করা এবং দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপন করা।
একইসঙ্গে লেবাননের প্রধানমন্ত্রী বৈরুতকে বেসামরিকীকরণের যে আহ্বান জানিয়েছেন, সেটিকেও ইতিবাচক হিসেবে দেখছেন তিনি।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতি বজায় রাখতে লেবাননে হামলা কমানোর অনুরোধ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনবিসি নিউজের বরাতে জানা গেছে, বুধবার ফোনালাপে ট্রাম্প নেতানিয়াহুকে এই অনুরোধ জানান। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও দাবি করেছেন, ইরানের সঙ্গে আলোচনার স্বার্থে ইসরায়েল লেবাননে কিছুটা সংযম দেখাতে সম্মত হয়েছে।
তবে বাস্তবে হামলার চিত্র ছিল ভিন্ন। বুধবার ইসরায়েল লেবাননে ইরান যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে বড় বিমান হামলা চালায়। এর পরদিন বৃহস্পতিবারও হামলা অব্যাহত থাকে, যদিও আগের দিনের তুলনায় তীব্রতা কিছুটা কম ছিল।
ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) জানায়, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অস্ত্রাগার, রকেট লঞ্চার এবং সদর দফতর লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে।
এদিকে যুদ্ধবিরতিতে লেবানন অন্তর্ভুক্ত কি না, তা নিয়ে এখনও বিতর্ক চলছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের সঙ্গে হওয়া সাময়িক যুদ্ধবিরতিতে লেবানন অন্তর্ভুক্ত নয়। তবে ইরান এবং মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান বলছে, লেবাননও এই চুক্তির আওতায় রয়েছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে