ইরানে যৌথ হামলা চালিয়েছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র
ইরানে যৌথ সামরিক হামলা চালিয়েছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে এক মার্কিন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
ওই কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, ইরানের ওপর পরিচালিত হামলাটি দুই দেশের সমন্বিত সামরিক অভিযানের অংশ। এটি ছিল ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ পরিকল্পনায় বাস্তবায়িত পদক্ষেপ।
এদিকে ইরানের গণমাধ্যম জানিয়েছে, রাজধানী তেহরানর কেন্দ্রস্থলে অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, রাজধানীর রিপাবলিক এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পাওয়া গেছে।
এর আগে ইসরাইল দাবি করে, তারা ইরানে ‘প্রতিরোধমূলক হামলা’ শুরু করেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে এক জরুরি বিবৃতিতে এ দাবি জানান ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ।
হামলা শুরুর পরপরই ইসরাইল কাটজ পুরো ইসরাইলজুড়ে ‘বিশেষ ও স্থায়ী জরুরি অবস্থা’ ঘোষণা করেন। সম্ভাব্য পাল্টা আক্রমণ মোকাবিলা ও নিরাপত্তা নিশ্চিত করতে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
তবে এ হামলার পরিসর বা ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে