আজ ১৮৩ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরায়েল
ইসরায়েলের কারাগারগুলোয় আটক থাকা ফিলিস্তিনিদের মধ্যে আরও ১৮৩ জনকে মুক্তি দেয়া হবে। যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে শনিবার (১ ফেব্রুয়ারি) তাদের মুক্তি দেবে ইসরায়েল।
ইসরায়েলি কারাগার থেকে ১৮৩ জনকে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন ফিলিস্তিনি প্রিজনার্স ক্লাবের মুখপাত্র আমানি সারাহনেহ। এ বিষয়ে শুক্রবার তিনি বলেন, ‘আগামীকাল মুক্তি পেতে যাওয়া বন্দিদের সংখ্যা ১৮৩।‘
তবে এর আগে দ্য নিউ আরবের খবরে জানানো হয়েছিল, ইসরায়েলের কারাগারগুলো থেকে শনিবার ৯০ জন বন্দিকে মুক্তি দেয়া হবে।
মুখপাত্র আমানি সারাহনেহ আরও বলেন, তথ্যটি হালনাগাদ করা হয়েছে। শনিবার ১৮৩ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্ত করবে ইসরায়েল।
গত ১৯ জানুয়ারি থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। এর মধ্য দিয়ে ইসরায়েলের সঙ্গে ১৫ মাসেরও বেশি সময় ধরে চলা হামাসের যুদ্ধ বন্ধ হয়।
৪২ দিনের এই যুদ্ধবিরতি চুক্তির আওতায় মোট ১,৯০০ বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল। অপরদিকে হামাস গাজায় আটক ৯৪ জনের মধ্যে ৩৩ জনকে মুক্তি দেবে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইতোমধ্যে আটক ১৫ জন বন্দিকে মুক্তি দিয়েছে হামাস।
মতামত দিন