Views Bangladesh Logo

লেবানন দখলের হুমকি দিলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

লেবানন থেকে হামলা অব্যাহত থাকলে দেশটির ভূখণ্ড দখল করে নেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েল কাৎজ। বৃহস্পতিবার দেওয়া এক সতর্কবার্তায় তিনি এ হুমকি দেন।

ইসরায়েল কাৎজ বলেন, লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যদি ইসরায়েল লক্ষ্য করে হামলা চালিয়ে যেতে থাকে, তাহলে কঠোর সামরিক পদক্ষেপ নিতে বাধ্য হবে ইসরায়েল।

তিনি বলেন, লেবানন সরকারের কাছে ইতোমধ্যে চূড়ান্ত বার্তা পৌঁছে দেওয়া হয়েছে—হিজবুল্লাহকে যেন ইসরায়েলে হামলা চালানো থেকে বিরত রাখা হয়। তা না হলে ইসরায়েলি বাহিনী লেবাননের ভূখণ্ডে সামরিক অভিযান চালিয়ে তা দখল করে নিতে পারে।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর বরাত দিয়ে দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, সম্প্রতি হিজবুল্লাহ ইসরায়েল লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে।

ইসরায়েল কাৎজ আরও বলেন, আমরা লেবাননের প্রেসিডেন্টকে সতর্ক করেছি। যদি লেবানন সরকার নিজেদের ভূখণ্ড নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় এবং হিজবুল্লাহকে হামলা থেকে বিরত রাখতে না পারে, তাহলে ইসরায়েল কঠোর পদক্ষেপ নেবে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই এই হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী।

বিশ্লেষকদের মতে, এতে অঞ্চলজুড়ে নতুন করে সংঘাত বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ