Views Bangladesh Logo

পূর্ব জেরুজালেমে জাতিসংঘের প্রশিক্ষণ কেন্দ্র দখল করল ইসরায়েল

অধ্যুষিত পশ্চিম তীরে জাতিসংঘের কার্যক্রম ঘিরে উত্তেজনার মধ্যেই পূর্ব জেরুজালেমে সংস্থাটির একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী।

গত মঙ্গলবার (২৫ আগস্ট) জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএ পরিচালিত ‘কালান্দিয়া ট্রেনিং সেন্টার’-এ এই অভিযান চালায় তারা।

প্রত্যক্ষদর্শী ও আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রের খবরে বলা হয়েছে, অন্তত ৪টি সাঁজোয়া যান ও ৫০ জনের বেশি সশস্ত্র পুলিশ এবং সেনাসদস্য একযোগে কালান্দিয়া কেন্দ্রে প্রবেশ করে স্থাপনাটি নিয়ন্ত্রণে নেন। ঘটনার পরপরই ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কেন্দ্রটির একটি ছবি পোস্ট করে লেখেন, ‘ইউএনআরডব্লিউএ এখন আমাদের দখলে।’

ইসরায়েলি বাহিনীর এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছে ইউএনআরডব্লিউএ। সংস্থাটি এক বিবৃতিতে জানায়, জাতিসংঘের সুরক্ষিত স্থাপনায় এভাবে প্রবেশ সম্পূর্ণ বেআইনি।

পূর্ব জেরুজালেমে আন্তর্জাতিক সংস্থার সম্পত্তির নিরাপত্তা নিশ্চিতে বিশ্ব সম্প্রদায়কে অবিলম্বে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

উল্লেখ্য, কালান্দিয়া প্রশিক্ষণ কেন্দ্রটি ফিলিস্তিনি তরুণ-তরুণীদের পেশাগত ও কারিগরি দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত ইউএনআরডব্লিউএ-এর অন্যতম প্রাচীন প্রতিষ্ঠান।

সাম্প্রতিক সময়ে ফিলিস্তিন ও পূর্ব জেরুজালেমে জাতিসংঘের ত্রাণ সংস্থার কার্যক্রমের ওপর একের পর এক বিধিনিষেধ আরোপ করে আসছে ইসরায়েল। সংস্থাটিকে পুরোপুরি নিষিদ্ধ ও তাদের কার্যক্রম বন্ধ করার চলমান প্রক্রিয়ার অংশ হিসেবেই কালান্দিয়ার এই কেন্দ্রটি দখল করা হয়েছে বলে মনে করছেন ভূ-রাজনৈতিক বিশ্লেষকরা।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ