দক্ষিণ ও পূর্ব লেবাননের বাসিন্দাদের অবিলম্বে এলাকা ছাড়ার নির্দেশ ইসরায়েলের
লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলের প্রায় ৫০টি শহর, পৌরসভা ও গ্রামের বাসিন্দাদের ২৪ ঘণ্টার মধ্যে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। সামরিক অভিযানের সম্ভাব্য তীব্রতা এবং আসন্ন বিমান হামলার আশঙ্কায় এই কঠোর সতর্কবার্তা জারি করা হয়েছে। বুধবার (২৭ মে) বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য উঠে আসে।
জানা গেছে, প্রায় ১০ ঘণ্টাব্যাপী ধারাবাহিক সতর্কবার্তা প্রচারের মাধ্যমে বেসামরিক নাগরিকদের অবিলম্বে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এর মধ্যে সবচেয়ে ব্যাপক ও কঠোর নির্দেশ জারি করা হয়েছে দক্ষিণ লেবাননের নাবাতাইয়া শহরের জন্য, যেখানে পুরো শহরের বাসিন্দাদের ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ইসরায়েলি কর্তৃপক্ষের নির্দেশনায় বলা হয়েছে, ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের লিটানি নদীর উত্তর দিকে সরে যেতে হবে, যা লেবানন-ইসরায়েল সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত।
এই নির্দেশনা জারির পরপরই সংশ্লিষ্ট এলাকাগুলোতে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, অসংখ্য পরিবার জরুরি প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে গাড়ি, মোটরসাইকেল এমনকি পায়ে হেঁটেই জীবন বাঁচাতে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছে।
খবরে বলা হয়েছে, এই নির্দেশনার আওতায় জেজ্জিন, কাফার সির, মাজদাল সিলম, মারাকা, জুয়াইয়া ও দেইর কিফাসহ দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহর ও গ্রাম রয়েছে।
বিশ্লেষকদের মতে, এমন বড় আকারের এবং দ্রুতগতিতে এই উচ্ছেদ আদেশ চলমান সংঘাতের ভয়াবহতা বা তীব্র বৃদ্ধিরই ইঙ্গিত দিচ্ছে, যা মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিধি আরও বিস্তৃত হওয়ার আশঙ্কাকে জোরালো করেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে