দক্ষিণ লেবাননে সামরিক অভিযান বন্ধের নির্দেশ ইসরায়েলের
দক্ষিণ লেবাননে আক্রমণাত্মক সামরিক অভিযান বন্ধের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তবে বর্তমানে দখলে থাকা এলাকা থেকে সেনা প্রত্যাহারের কোনো নির্দেশ দেওয়া হয়নি। ইসরায়েলি টেলিভিশন চ্যানেল ১২-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডন।
প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ লেবাননে নতুন করে আক্রমণাত্মক অভিযান পরিচালনা না করার নির্দেশ দেওয়া হলেও ইসরায়েলি বাহিনী ইতোমধ্যে যে অঞ্চলগুলো নিয়ন্ত্রণে নিয়েছে, সেখান থেকে সরে যাওয়ার কোনো পরিকল্পনা এখনো ঘোষণা করা হয়নি। চ্যানেল ১২ আরও জানায়, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করেই গ্রহণ করেছে ইসরায়েল।
তবে হামলা বন্ধের নির্দেশ কবে থেকে কার্যকর হবে কিংবা এর আওতায় কোন ধরনের সামরিক কর্মকাণ্ড অন্তর্ভুক্ত থাকবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এদিকে দক্ষিণ লেবাননে চলমান ইসরায়েলি হামলার প্রতিবাদে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির শীর্ষ সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ইরানের সামরিক কর্তৃপক্ষের দাবি, এটি তাদের প্রতিক্রিয়ার ‘প্রথম ধাপ’। তারা সতর্ক করে বলেছে, যদি এ ধরনের আগ্রাসন অব্যাহত থাকে, তাহলে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।
অন্যদিকে দীর্ঘদিন ধরে চলা সংঘাত ও হামলার কারণে দক্ষিণ লেবাননের মানবিক পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৪ হাজার ৫৭ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ১২ হাজার ১২১ জনেরও বেশি মানুষ। নিহত ও আহতদের অধিকাংশই দক্ষিণ লেবাননের বাসিন্দা।
মতামত দিন