ইরানে পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে ইসরায়েল
ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল—এমন আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মার্কিন কর্মকর্তা এই তথ্য দিয়েছেন। যদিও ইসরায়েল এখনো এই প্রতিবেদন নিয়ে কোনও মন্তব্য করেনি।
বুধবার রয়টার্স-এর এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়। তবে তারা বলছে, ইসরায়েলের হামলার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। মার্কিন প্রশাসনের ভেতরেও এ নিয়ে মতবিরোধ রয়েছে। কেউ কেউ মনে করছেন, শেষ পর্যন্ত ইসরায়েল হয়তো এই হামলা চালাবে না।
সিএনএনের প্রতিবেদনে এক গোয়েন্দা সূত্র বলেছে, ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলার সম্ভাবনা সাম্প্রতিক মাসগুলোতে “উল্লেখযোগ্যভাবে বেড়েছে।” সূত্রটি আরও জানায়, যদি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এমন কোনো চুক্তি হয় যাতে ইরান তার ইউরেনিয়াম মজুদের পুরোপুরি বিলোপ না করে, তাহলে ইসরায়েল হামলার পথে আরও আগাবে।
দুই মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সিএনএন আরও জানায়, ইসরায়েল সম্প্রতি কিছু সামরিক পদক্ষেপ নিয়েছে, যেমন বিমান হামলার জন্য গোলাবারুদ সরানো এবং বড় আকারের বিমান মহড়া সম্পন্ন করা—যা সম্ভাব্য হামলার প্রস্তুতির ইঙ্গিত দেয়।
এই সংবাদের বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্য করেনি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদ (NSC)। একইভাবে ইসরায়েলি দূতাবাস এবং প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এর আগে মঙ্গলবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, “আমেরিকা যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের দাবি করছে, তা অতিরিক্ত এবং অযৌক্তিক।” তিনি নতুন পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনার সফলতা নিয়েও সন্দেহ প্রকাশ করেন।
এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে