Views Bangladesh Logo

ওয়াশিংটন বৈঠক শেষে ৪৫ দিনের জন্য যুদ্ধবিরতি বাড়াল ইসরাইল-লেবানন

ওয়াশিংটনের মধ্যস্থতায় অনুষ্ঠিত আলোচনা শেষে ইসরাইল ও লেবানন ৪৫ দিনের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে। শুক্রবার (১৫ মে) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আরেক দফা আলোচনার পর এ সিদ্ধান্তে আসে দেশ দুইটি।

এই যুদ্ধবিরতির ফলে দক্ষিণ লেবাননে ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘাত কিছুটা কমে এসেছে। আগামী সপ্তাহগুলোতে আরও বৈঠক অনুষ্ঠিত হবে বলেও দুই পক্ষ সম্মত হয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, “১৬ এপ্রিল কার্যকর হওয়া যুদ্ধবিরতি আরও ৪৫ দিন বাড়ানো হচ্ছে, যাতে আলোচনায় আরও অগ্রগতি সম্ভব হয়।” তিনি বলেন, দুই দেশের দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে হওয়া আলোচনা ছিল “খুবই ফলপ্রসূ”। এর আগে যুদ্ধবিরতির মেয়াদ রোববার শেষ হওয়ার কথা ছিল।

লেবানন ও ইসরাইলের প্রতিনিধিদল আলোচনাকে ইতিবাচক বলে উল্লেখ করেছে। গত ২ মার্চ হিজবুল্লাহ ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ইসরাইল লেবাননে বিমান হামলা জোরদার করে। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। ইসরাইলের বিমান হামলা ও দক্ষিণ লেবাননে স্থল অভিযান চালানোর ফলে প্রায় ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে দুই দেশের রাষ্ট্রদূতদের ওয়াশিংটনে প্রাথমিক আলোচনার পর যুদ্ধবিরতির ঘোষণা দেন।

তবে যুদ্ধবিরতি সত্ত্বেও হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে মাঝে মধ্যেই পাল্টাপাল্টি হামলা চলছে। বর্তমানে সংঘাতের মূল কেন্দ্র দক্ষিণ লেবানন, যেখানে ইসরাইলি বাহিনী নিজেদের ঘোষিত নিরাপত্তা অঞ্চল দখল করে রেখেছে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ