Views Bangladesh Logo

যুদ্ধবিরতি কার্যকর করতে সম্মত ইসরায়েল ও লেবানন

যুদ্ধবিরতি কার্যকর করতে সম্মত হয়েছে ইসরায়েল ও লেবানন। ওয়াশিংটনে অনুষ্ঠিত সফল আলোচনার পর দুই দেশ এই সিদ্ধান্ত নেয়। বুধবার (৩ জুন) ইরানের সাথে চলমান সংঘাতের সমান্তরালে লেবানন সীমান্তে তীব্র হয়ে ওঠা লড়াই বন্ধের লক্ষ্যে এই আলোচনা অনুষ্ঠিত হয়।

যুক্তরাষ্ট্রের সাথে যৌথভাবে প্রকাশিত একটি বিবৃতির বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এই যুদ্ধবিরতি পুরোপুরি কার্যকর হওয়া নির্ভর করছে ইরান-পন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলা ‘সম্পূর্ণভাবে বন্ধ’ এবং দক্ষিণ লিটানি সেক্টর থেকে তাদের সমস্ত যোদ্ধাদের সরিয়ে নেওয়ার ওপর।

যৌথ বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় উভয় পক্ষই দ্রুত কিছু পাইলট জোন (পরীক্ষামূলক এলাকা) তৈরির ব্যাপারে সম্মত হয়েছে। এসব এলাকায় লেবাননের সশস্ত্র বাহিনী (এলএএফ) একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে এবং অন্য কোনো সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি সেখানে থাকবে না।’

এর আগে গত এপ্রিল মাসেও সংঘাত থামানোর লক্ষ্যে একটি চুক্তিতে পৌঁছেছিল ইসরায়েল ও লেবানন, যার মেয়াদ মে মাসে বাড়ানো হয়। তবে তা সত্ত্বেও সীমান্তে সহিংসতা থামেনি।

লেবাননের নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, গত বুধবারও দক্ষিণ লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন এবং বৈরুতের দক্ষিণে একটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। অন্যদিকে ইসরায়েল দাবি করেছে, তারা হিজবুল্লাহর ছোঁড়া একটি ড্রোন আকাশেই ধ্বংস করেছে।

অবশ্য গত সোমবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া একটি প্রাথমিক সমঝোতার পর ইসরায়েল বৈরুতের হিজবুল্লাহ নিয়ন্ত্রিত দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে হামলা চালানো থেকে বিরত থাকে। এর বিপরীতে হিজবুল্লাহও সীমান্ত পারের রকেট ও ড্রোন হামলা বন্ধ করতে সম্মত হয়।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসের শেষ দিকে ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর তেহরানের সমর্থনে হিজবুল্লাহ ইসরায়েলি সীমান্তে রকেট হামলা চালায়। এর জের ধরে গত মার্চ মাসে ইসরায়েলি বাহিনী লেবাননে স্থল অভিযান শুরু করে।

ইরান অবশ্য আগেই জানিয়েছিল, লেবাননে স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর না হওয়া পর্যন্ত তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে চলমান যুদ্ধ বন্ধের কোনো চুক্তিতে সই করবে না।

যৌথ বিবৃতি অনুযায়ী, একটি পূর্ণাঙ্গ ও দীর্ঘমেয়াদী চুক্তির লক্ষ্যে আগামী ২২ জুন বা তার পরবর্তী কয়েক দিনের মধ্যে দুই দেশের প্রতিনিধিরা রাজনৈতিক ও নিরাপত্তা-সংক্রান্ত বিষয়ে পরবর্তী দফার আলোচনায় বসবেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ