Views Bangladesh Logo

সিরিয়ার গোলান হাইটসে ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান

দক্ষিণ-পশ্চিম সিরিয়ার কুনেইত্রা অঞ্চলের গোলান হাইটসে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। অভিযানে তারা ওই অঞ্চলের কিছু অংশে প্রবেশ করেছে এবং সেখানে কয়েক ডজন সামরিক যান ব্যবহার করেছে। অভিযানটিকে সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন হিসেবে বর্ণনা করা হচ্ছে।

স্থানীয় গণমাধ্যম আল ইখবারিয়াহ টিভি জানিয়েছে, প্রায় ৩০টি ইসরায়েলি যান পূর্ব টেল আল-আহমার এলাকায় আইন জিওয়ানের কাছে প্রবেশ করে। সেখানে সৈন্যরা তল্লাশি অভিযান চালায়।

অন্যদিকে, সিরিয়ান আরব নিউজ এজেন্সি (এসএএনএ) জানিয়েছে, ইসরায়েলি বাহিনী বারিকা ভিলেজের কাছে গিয়ে একজন সিরিয়ান খামারিকে আটক করেছে। পৃথক ঘটনায় তিনটি ইসরায়েলি যান আবু মাদারাহ’র কৃষিজমিতে প্রবেশ করে।

দক্ষিণ সিরিয়া কুনেইত্রা দীর্ঘদিন ধরেই ইসরায়েলি অভিযান, আটক, চেকপোস্ট স্থাপন এবং কৃষিজমি ধ্বংসের মুখে রয়েছে। তবে ২০২৪ সালের ডিসেম্বর মাসে দীর্ঘদিনের সিরিয়ান প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর থেকে এ ধরনের কার্যক্রম বাড়ছে।

ইসরায়েল সিরিয়ায় বারবার বিমান হামলা চালাচ্ছে এবং সুয়ায়দা প্রদেশের সংঘর্ষে হস্তক্ষেপ করেছে। ড্রুজ সম্প্রদায়কে সুরক্ষা দেওয়ার দাবি করে পাশাপাশি দামাস্কাসের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

আন্তর্জাতিক ডাটাবেস প্রকল্প এসিএলইডির তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ইসরায়েল সিরিয়ায় ৬০০-এরও বেশি হামলা চালিয়েছে। গড়ে দিনে প্রায় দুটি হামলা হয়েছে। এর মধ্যে রয়েছে বিমান হামলা, ড্রোন এবং আর্টিলারি।

আন্তর্জাতিকভাবে গোলান হাইটস সিরিয়ার ভূখণ্ড হিসেবে স্বীকৃত। যদিও ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধে পশ্চিম গোলানের প্রায় ১২০০ বর্গকিলোমিটার ইসরায়েল দখল করে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ