চুক্তি ভেঙে ফের লেবাননে হামলা চালাল ইসরাইল
দক্ষিণ লেবাননে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। লক্ষ্যবস্তু ছিল ইকলিম আল-তুফাহ অঞ্চলের ব্লাত ও ওয়াদি বারঘৌতি এলাকা।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এ হামলার মধ্য দিয়ে ইসরাইল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে ২০২৪ সালের নভেম্বরে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি আবারও লঙ্ঘিত হলো। ইসরাইলি বাহিনীর দাবি, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সামরিক অবকাঠামো লক্ষ্য করেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। তবে স্থানীয় সূত্রগুলো বলছে, প্রায় প্রতিদিনের এসব হামলায় বেসামরিক নাগরিক ও জনহিতকর স্থাপনা ব্যাপক ক্ষতির মুখে পড়ছে।
এর আগে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) লেবাননের বেকা উপত্যকায় ইসরাইলি হামলায় একজন নিহত এবং অন্তত ২৯ জন আহত হন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় ও ন্যাশনাল নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, বালবেকের কাছে কাফর দান এলাকায় চালানো ওই হামলায় ১৬ বছর বয়সী এক সিরীয় কিশোর নিহত হয়। স্থানীয় গণমাধ্যম নিহতের নাম হুসেইন মহসিন আল-খালাফ বলে নিশ্চিত করেছে।
যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলের অব্যাহত সামরিক তৎপরতা দক্ষিণ লেবাননে নতুন করে উত্তেজনা ও মানবিক সংকটের আশঙ্কা তৈরি করছে।
সূত্র: আলজাজিরা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে