Views Bangladesh Logo

পাল্টাপাল্টি হামলা বন্ধে রাজি ইসরায়েল-হিজবুল্লাহ, দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইসরায়েল এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ পাল্টাপাল্টি হামলা বন্ধ রাখতে সম্মত হয়েছে। উভয় পক্ষের সঙ্গে পৃথকভাবে আলোচনার পর সোমবার (১ জুন) রাতে নিজের 'ট্রুথ সোশ্যাল' প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

ট্রাম্প জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে তার ‘অত্যন্ত ফলপ্রসূ’ আলোচনা হয়েছে। একইসঙ্গে হিজবুল্লাহর প্রতিনিধিদের সঙ্গেও তিনি কথা বলেছেন। তার দাবি, উভয় পক্ষই সামরিক কার্যক্রম স্থগিত রাখতে এবং পরিস্থিতির আরও অবনতি এড়াতে রাজি হয়েছে।

ট্রাম্প আরও জানান, বৈরুতে নতুন করে কোনো সেনা মোতায়েন করা হবে না এবং যেসব সেনা ইতোমধ্যে মোতায়েনের প্রস্তুতিতে ছিল, তাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হিজবুল্লাহ যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছে যে, তারা ইসরায়েলে হামলা থেকে বিরত থাকবে বলেও দাবি করেন তিনি।

এরপরই ওয়াশিংটনে লেবাননের দূতাবাস জানায়, হিজবুল্লাহ মার্কিন-সমর্থিত একটি প্রস্তাব মেনে নিয়েছে। প্রস্তাব অনুযায়ী, ইসরায়েল বৈরুতের দক্ষিণ শহরতলিতে হামলা বন্ধ রাখবে এবং এর বিনিময়ে হিজবুল্লাহও ইসরায়েলের বিরুদ্ধে হামলা স্থগিত রাখবে। পরবর্তীতে এই ব্যবস্থা লেবাননের অন্যান্য এলাকায়ও বিস্তার করা হতে পারে।

তবে উত্তেজনা প্রশমনের এই লক্ষণ সত্ত্বেও ইসরায়েল সতর্ক অবস্থান বজায় রেখেছে। নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়েছেন, ইসরায়েলি শহর ও বেসামরিক নাগরিকদের ওপর হামলা অব্যাহত থাকলে ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহকে লক্ষ্য করে অভিযান চালিয়ে যাবে। একইসঙ্গে দক্ষিণ লেবাননে সামরিক অভিযান চলমান থাকবে বলে স্পষ্ট করে দেন তিনি।

এদিকে সীমান্তে উত্তেজনা পুরোপুরি কমেনি। হিজবুল্লাহ জানায়, উত্তর ইসরায়েলের দুটি গ্রামের কাছে ইসরায়েলি সেনা ও সাঁজোয়া যান লক্ষ্য করে তারা ড্রোন এবং কামানের গোলা নিক্ষেপ করেছে। অপরদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, লেবানিজ ভূখণ্ড থেকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র তারা আটকে দিয়েছে।

দেশটির দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে নতুন করে ইসরায়েলি হামলার খবরও জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। বিশেষ করে দেবাইন শহরে একটি শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। সব মিলিয়ে এই পরিস্থিতি স্পষ্ট করে দিচ্ছে যে, সংঘাত নিরসনের চলমান প্রচেষ্টা এখনো বেশ ভঙ্গুর।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ