Views Bangladesh Logo

ইরানি গোয়েন্দামন্ত্রীকে হত্যার দাবি ইসরায়েলের

ইসরায়েল দাবি করেছে, তারা ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিবকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং এতে তিনি নিহত হয়েছেন। এ দাবি করেছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইসরায়েলের চ্যানেল–১২ জানিয়েছে, ইরানি গোয়েন্দামন্ত্রীকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। তবে অভিযানের ফলাফল এখনো মূল্যায়ন করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে, জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানি ও বাসিজ আধা সামরিক বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলেইমানি হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের ভেতরে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে মধ্য ইসরায়েলে অন্তত দুজন নিহত হয়েছেন এবং বিভিন্ন স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে।

আল জাজিরা জানায়, তেল আবিবসহ পার্শ্ববর্তী বেনি ব্রাক ও রামাত গান এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানে। রামাত গানে সত্তরোর্ধ্ব এক দম্পতি নিহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, ক্ষেপণাস্ত্রটি সরাসরি তাদের বাসার ভেতরে আঘাত হানে।

এ ছাড়া শ্যারন এলাকা ও বেনি ব্রাকে বেশ কয়েকজন আহত হয়েছেন। হামলায় তেল আবিবের একটি প্রধান রেলস্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপত্তার কারণে দেশজুড়ে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

গত এক ঘণ্টায় মধ্য ইসরায়েলে একাধিকবার সাইরেন বেজে উঠলে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সামরিক বিশ্লেষকদের মতে, ইরান ও হিজবুল্লাহর সমন্বিত হামলা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার ওপর বড় চাপ সৃষ্টি করছে। উত্তর দিক থেকে হিজবুল্লাহ প্রতিদিন প্রায় ১০০টি রকেট ছুড়ছে, যার সঙ্গে যুক্ত হয়েছে ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র।

যদিও বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত করা হচ্ছে, কিছু লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। এমনকি কিছু ক্ষেত্রে প্রতিরোধক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মাটিতে পড়ে ক্ষয়ক্ষতির কারণ হচ্ছে।

ইরান জানিয়েছে, তাদের এই হামলা পূর্ববর্তী হত্যাকাণ্ডগুলোর প্রতিশোধ হিসেবে চালানো হয়েছে।





মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ