Views Bangladesh Logo

দক্ষিণ লেবাননে সামরিক অভিযান, ঐতিহাসিক বোফোর্ট দুর্গ দখলের দাবি ইসরায়েলের

দক্ষিণ লেবাননে সামরিক অভিযান আরও বিস্তৃত করেছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বোফোর্ট দুর্গ দখলের দাবি করেছে। একই সঙ্গে দক্ষিণ লেবাননে ‘বৃহৎ পরিসরের’ নতুন সামরিক অভিযান শুরুর ঘোষণাও দিয়েছে তারা।

রোববার (৩১ মে) ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম ‘কান’ বোফোর্ট দুর্গের ওপর ইসরায়েলি পতাকা উড়ানোর ছবি প্রকাশ করলে বিষয়টি সামনে আসে। ক্রুসেডার আমলে নির্মিত এই দুর্গটি নাবাতিয়েহ শহরের কাছে একটি উঁচু পাহাড়ি এলাকায় অবস্থিত এবং লেবানন-ইসরায়েল সীমান্ত থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে।

তবে দুর্গটি দখলের দাবির বিষয়ে লেবাননের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র এলা ওয়াওইয়া জানান, দক্ষিণ লেবাননের বোফোর্ট রিজ ও ওয়াদি আল-সালুকি এলাকায় কয়েক দিন আগে থেকেই বৃহৎ পরিসরের অভিযান শুরু হয়েছে। এই অভিযানের লক্ষ্য হচ্ছে হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংস করা এবং সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা হুমকি দূর করা।

তিনি দাবি করেন, ইসরায়েলি সেনারা লিতানি নদী অতিক্রম করে উত্তরাঞ্চলেও অভিযান জোরদার করেছে এবং প্রয়োজন হলে আরও বিস্তৃত সামরিক পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি রয়েছে।

বিশ্লেষকদের মতে, গত ১৭ এপ্রিল কার্যকর হওয়া যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলের চলমান অভিযান লেবাননের অভ্যন্তরে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে গভীর সামরিক অনুপ্রবেশের অন্যতম উদাহরণ হতে পারে।

বোফোর্ট দুর্গটি ইউনেস্কো-সুরক্ষিত একটি ঐতিহাসিক স্থাপনা। ২০০০ সালে লেবানন থেকে সেনা প্রত্যাহারের আগে প্রায় ১৮ বছর ধরে এটি ইসরায়েলের নিয়ন্ত্রণে ছিল। দুর্গটি পুনর্দখলের দাবি সত্য হলে তা চলমান সংঘাতে ইসরায়েলের জন্য একটি গুরুত্বপূর্ণ সামরিক সাফল্য হিসেবে বিবেচিত হতে পারে। সূত্র : আল-জাজিরা

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ