ইরান নয় সৌদি মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল: আইআরজিসি
সৌদি আরবের রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলার সঙ্গে সরাসরি কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভ্যুলশনারি গার্ড করপস (আইআরজিসি)।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান অভিযোগ করেছে, হামলার পেছনে আসলে ইসরায়েল রয়েছে। তাদের দাবি, ইসরায়েলি বাহিনী ইরানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক নষ্ট করার উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে।
ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের দাবি করা ক্ষয়ক্ষতির চেয়ে প্রকৃত ক্ষতি অনেক বেশি। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দূতাবাসে আগুন কয়েক ঘণ্টা ধরে জ্বলে এবং ভিতরে ব্যাপক ক্ষতি করেছে, যদিও সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় তা সীমিত আগুন ও সামান্য ক্ষতির ঘটনা হিসেবে উপস্থাপন করেছে।
আইআরজিসি এই প্রতিবেদনের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, হামলার সঙ্গে ইরানের কোনো সম্পর্ক নেই। তারা এটিকে ‘জায়নবাদীদের কাজ’ হিসেবে উল্লেখ করেছে। এছাড়া প্রতিবেশী মুসলিম দেশগুলোকে ‘জায়নবাদী শাসনের ষড়যন্ত্র’ সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, এই মুহূর্তে অঞ্চলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শক্তির অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা ও ধ্বংসাত্মক উদ্দেশ্যের বিরুদ্ধে সতর্ক থাকা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে