ইসরায়েল-লেবানন ‘ঐতিহাসিক’ বৈঠকের ঘোষণা ট্রাম্পের
চিরপ্রতিদ্বন্দ্বী ইসরায়েল ও লেবাননের মধ্যে এক ঐতিহাসিক বৈঠকের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ ৩৪ বছর পর দুই দেশের শীর্ষ পর্যায়ের মধ্যে এই আলোচনা হতে যাচ্ছে বলে জানা গেছে। অন্যদিকে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাকিস্তান দ্বিতীয় দফা আলোচনার প্রস্তুতি নিলেও গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ৩৯টি হামলার দাবি করেছে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সংক্রান্ত প্রথম দফার আলোচনা চলতি সপ্তাহে ভেস্তে গেছে। তবে হোয়াইট হাউজ জানিয়েছে, বুধবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় দফায় এ সংক্রান্ত আলোচনা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই নতুন কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেই ইসরায়েল ও লেবাননের মধ্যে বৈঠকের চমকপ্রদ তথ্য সামনে আনলেন ট্রাম্প।
নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ইসরায়েল ও লেবাননের মধ্যে কিছুটা স্বস্তির সুযোগ করে দেওয়ার চেষ্টা করছি। তাদের মধ্যে ঐতিহাসিক বৈঠক হচ্ছে। আগামীকালই (আজ) সেই বৈঠক হতে পারে।’
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, ‘দুই নেতার মধ্যে কথা হয়নি অনেক দিন, প্রায় ৩৪ বছর। তবে দুই দেশের নেতাদের মধ্যে বৈঠক হচ্ছে, আগামীকালই (আজ) হবে।’ তবে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি কোথায় বা কখন অনুষ্ঠিত হবে, সে বিষয়ে ওয়াশিংটন বা সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো তথ্য এখনও জানানো হয়নি।
এদিকে কূটনৈতিক তৎপরতা চললেও রণক্ষেত্রে পরিস্থিতি এখনো থমথমে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় তারা ইসরায়েলি বিভিন্ন লক্ষ্যবস্তুতে ৩৯টি সামরিক অভিযান চালিয়েছে।
গোষ্ঠীটির দাবি অনুযায়ী, ইসরায়েলের বসতি, সেনা সমাবেশ, সামরিক যানবাহন এবং দক্ষিণ সীমান্ত এলাকায় ইসরায়েলি সেনাদের অবস্থানগুলোকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। একই সঙ্গে উত্তর ইসরায়েলের বেশ কিছু কৌশলগত অবস্থানেও আঘাত হেনেছে তারা।
হিজবুল্লাহর এই হামলার বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে