Views Bangladesh Logo

ইসলামী আন্দোলনের ইশতেহার ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইশতেহারে খাতভিত্তিক উন্নয়ন পরিকল্পনার ২৮ দফা তুলে ধরা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর পুরানা পল্টনের আইএবি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ ইশতেহার ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

ঘোষিত ২৮ দফার মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো—অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও মানুষের ক্রয়ক্ষমতা সংরক্ষণ, বৈদেশিক ঋণ ব্যবস্থাপনা, সুশাসিত আর্থিক খাত গঠন, স্বল্পোন্নত দেশ থেকে টেকসই উত্তরণ, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি, জননিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠা এবং নাগরিক সুবিধাসম্পন্ন শহর ও গ্রাম গড়ে তোলা।

এছাড়া নৈতিকতা ও বিজ্ঞানভিত্তিক কর্মমুখী শিক্ষা ব্যবস্থা, সর্বজনীন কর্মসংস্থান, যুবদের জন্য শোভন কর্মসংস্থান সৃষ্টি, শ্রমবাজারের চাহিদার সঙ্গে শিক্ষা ব্যবস্থার সমন্বয়, উৎপাদন-সংরক্ষণ ও বিপণনকে গুরুত্ব দিয়ে সমন্বিত কৃষি ব্যবস্থা গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়।

ইশতেহারের অন্যান্য দফার মধ্যে রয়েছে—প্রবাসীকল্যাণ, সাশ্রয়ী ও সর্বজনীন চিকিৎসা ব্যবস্থা, সিনিয়র সিটিজেন ম্যানেজমেন্ট, আঞ্চলিক উন্নয়ন বৈষম্য দূরীকরণ, বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা, নিরাপদ ও বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা, সবার জন্য সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানির নিশ্চয়তা, পরিবেশ ও জলবায়ু সুরক্ষা, গৃহায়ণ ও গণপূর্ত উন্নয়ন, তথ্য ও সম্প্রচার খাতের উন্নয়ন, স্থানীয় সরকার শক্তিশালীকরণ ও ক্ষমতার বিকেন্দ্রীকরণ।

এ ছাড়া আধুনিক ও স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা, পানি সম্পদ ব্যবস্থাপনা এবং জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের চেতনা সংরক্ষণের কথাও ইশতেহারে উল্লেখ করা হয়।

সংবাদ সম্মেলনে মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, দেশের অর্থনীতি বর্তমানে ভঙ্গুর অবস্থায় রয়েছে। রপ্তানি খাত একমুখী ও শ্রমনির্ভর হওয়ায় অর্থনীতি ঝুঁকির মুখে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে রপ্তানিকে বহুমুখী ও প্রযুক্তিনির্ভর করা হবে এবং আমদানিনির্ভরতা কমিয়ে দেশীয় উৎপাদন বাড়ানো হবে।

তিনি আরও বলেন, আর্থিক খাতে সুশাসনের অভাব রয়েছে। ক্ষমতায় এলে ব্যাংকসহ আর্থিক খাতের দুর্নীতি বন্ধ, টাকা পাচার রোধ এবং বৈদেশিক ঋণ ব্যবস্থাপনায় দক্ষতা ও পেশাদারত্ব নিশ্চিত করা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ