Views Bangladesh Logo

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কা প্রকাশ ইসলামী আন্দোলনের

আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজধানীর পুরানা পল্টনে এক জরুরি সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, নির্বাচনের বাজারে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’র কথা শোনা যাচ্ছে, যা নির্বাচনকে কলঙ্কিত করতে পারে। এ পরিস্থিতি রোধে প্রশাসন ও নির্বাচন কমিশনকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।

গাজী আতাউর রহমান অভিযোগ করেন, নির্বাচনের আগে দেশের বিভিন্ন স্থানে টাকার ছড়াছড়ি হচ্ছে এবং ইসলামী আন্দোলনের প্রার্থীর এজেন্টদের হুমকি দেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘বিএনপি ও জামায়াতের নেতা–কর্মীদের হামলায় অন্তত ১০ জন সদস্য গুরুতর আহত হয়েছেন এবং আরও প্রায় ৫০ জন সামান্য আহত হয়েছেন।’

তিনি জানান, ইসলামী আন্দোলনের নেতা-কর্মীদের জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যে ৪২টি আসনে ইসলামী আন্দোলন প্রার্থী দিতে পারেনি, সেগুলোতে নির্দিষ্ট দল বা স্বতন্ত্র প্রার্থীকে ভোট দেওয়ার নির্দেশনা দিয়েছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মিডিয়া সেলের সমন্বয়ক মাহবুবুর রহমান ও নেতা আফতাব উদ্দিন। গাজী আতাউর রহমান ভোটারদের হাতপাখায় ভোট দেওয়ার আহ্বান জানান এবং বলেন, নির্বাচন শেষে ফলাফল মেনে নেবেন। তিনি সতর্ক করে বলেন, কোনো ষড়যন্ত্রপূর্ণ বা পাতানো নির্বাচন যেন না হয়, তা নিশ্চিত করতে হবে।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ