উচ্চ সতর্কতায় ৩৩ মিনিট বন্ধ ছিল ইসলামাবাদ বিমানবন্দর
কর্তৃপক্ষ উচ্চ সতর্কতা জারি করায় পাকিস্তানের ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ছিল। ফলে বহির্গামী ফ্লাইটগুলোর উড্ডয়ন ৩৩ মিনিট বন্ধ ছিল।
নাম প্রকাশ না করার শর্তে সিনহুয়াকে দেয়া সূত্রের মতে, মঙ্গলবার (২৯ এপ্রিল) স্থানীয় সময় রাত ১১টা ৪৮ মিনিটে জারি করা সতর্কতা পরদিন বুধবার (৩০ এপ্রিল) রাত ১২টা ২১ মিনিট পর্যন্ত স্থায়ী ছিল।
ওই সময়ের মধ্যে তিনটি আন্তর্জাতিক ফ্লাইটের বোর্ডিং স্থগিত ছিল, দুবাইগামী পিকে-২৩৩ ও পিএ-২১০ এবং দোহাগামী পিকে-২৮৭। তবে, অভ্যন্তরীণ ফ্লাইটগুলো কোনো বাধা ছাড়াই চলতে থাকে এবং সতর্কতা প্রত্যাহারের পর পরই বিমানবন্দরটির স্বাভাবিক কার্যক্রম ফের চালু হয়।
সতর্কতার কারণ প্রকাশ না করলেও বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের আশ্বস্ত করেছে, নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের মানসম্মত পদ্ধতি কঠোরভাবে মেনে চলা হয়েছে।
ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর পাকিস্তানের গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র, যেটি উল্লেখযোগ্য সংখ্যক অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করে। সাময়িক বিঘ্নে যাত্রীদের মাঝে উদ্বেগ তৈরি হলেও মধ্যরাতের পরপরই পরিষেবা স্বাভাবিক হয়ে আসে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে