২০৩৫ সালের মধ্যে খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম: পিউ রিসার্চ
আগামী ২০৩৫ সালের মধ্যে খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে ইসলাম বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় জনগোষ্ঠীতে পরিণত হতে পারে। মুসলিমদের তুলনামূলক বেশি জন্মহার এবং তরুণ জনগোষ্ঠীর আধিক্যের কারণে এ পরিবর্তন ঘটবে বলে পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার।
বুধবার (১৮ নভেম্বর) প্রকাশিত সংস্থাটির ‘দ্য ফিউচার অব ওয়ার্ল্ড রিলিজিয়নস: পপুলেশন গ্রোথ প্রজেকশনস, ২০২০-২০৭০’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।
বিশ্বের ২০১টি দেশ ও অঞ্চলের জনসংখ্যা, জন্মহার, বয়সভিত্তিক কাঠামো, অভিবাসন এবং ধর্মীয় পরিচয় পরিবর্তনের প্রবণতা বিশ্লেষণ করে এ পূর্বাভাস তৈরি করেছে সংস্থাটি।
পিউয়ের হিসাব অনুযায়ী, ২০২০ সালে বিশ্বে খ্রিষ্টধর্মাবলম্বীর সংখ্যা ছিল প্রায় ২২৭ কোটি, আর মুসলিমের সংখ্যা ২০২ কোটি। তবে বর্তমান জনমিতিক প্রবণতা অব্যাহত থাকলে ২০৩৫ সালে মুসলিমের সংখ্যা বেড়ে দাঁড়াবে ২৫৭ কোটিতে। বিপরীতে খ্রিষ্টধর্মাবলম্বীর সংখ্যা হবে প্রায় ২৫২ কোটি। অর্থাৎ, ওই সময়েই অনুসারীর সংখ্যায় খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে যেতে পারে ইসলাম।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০৭০ সাল নাগাদ বিশ্বে মুসলিমের সংখ্যা ৩৬৪ কোটিতে পৌঁছাতে পারে। একই সময়ে খ্রিষ্টধর্মাবলম্বীর সংখ্যা দাঁড়াতে পারে প্রায় ২৯৬ কোটিতে। তখন বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৩৬ শতাংশ হবেন মুসলিম এবং ২৯ শতাংশ খ্রিষ্টান।
মুসলিম জনগোষ্ঠীর দ্রুত বৃদ্ধির প্রধান কারণ হিসেবে জন্মহারকে চিহ্নিত করেছেন পিউয়ের জ্যেষ্ঠ জনমিতি বিশেষজ্ঞ কনরাড হ্যাকেট। তাঁর মতে, ধর্মান্তর বা ধর্মীয় পরিচয় পরিবর্তনের চেয়ে জন্মহারের প্রভাব অনেক বেশি।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত মুসলিম নারীদের গড় সন্তান জন্মদানের হার ছিল ৩ দশমিক ১। খ্রিষ্টান নারীদের ক্ষেত্রে এ হার ২ দশমিক ৫। অন্য ধর্মীয় গোষ্ঠীর নারীদের গড় সন্তান জন্মদানের হার ছিল ১ দশমিক ৬। জনসংখ্যার একটি প্রজন্মের ধারাবাহিকতা বজায় রাখতে সাধারণত ২ দশমিক ১ সন্তান জন্মদানের হার প্রয়োজন বলে মনে করেন জনমিতিবিদেরা।
পিউয়ের পূর্বাভাসে বলা হয়েছে, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে বিশ্বের মোট জনসংখ্যা ২৯ শতাংশ বাড়তে পারে। এ সময়ে খ্রিষ্টান জনগোষ্ঠীর সংখ্যা বাড়বে ৩০ শতাংশ, আর মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা বাড়বে ৮০ শতাংশ। মুসলিমদের তুলনামূলক কম বয়সী জনসংখ্যা এবং উচ্চ জন্মহার এ বৃদ্ধির পেছনে বড় ভূমিকা রাখবে।
বিশ্বের বিভিন্ন অঞ্চলে ধর্মীয় জনসংখ্যার চিত্রেও পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। আগামী কয়েক দশকে সাহারা মরুভূমির দক্ষিণে অবস্থিত আফ্রিকার দেশগুলোতে জনসংখ্যা দ্রুত বাড়বে। ওই অঞ্চলে খ্রিষ্টান ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়তে পারে। ২০৭০ সাল নাগাদ বিশ্বের অর্ধেকের বেশি খ্রিষ্টান সাহারা-নিম্ন আফ্রিকা অঞ্চলে বসবাস করতে পারেন।
অন্যদিকে ইউরোপে জনসংখ্যা কমার পাশাপাশি ধর্মীয় জনমিতিতেও পরিবর্তন আসতে পারে। ২০৭০ সাল নাগাদ ইউরোপে মুসলিমদের অংশ বর্তমানের প্রায় ৬ শতাংশ থেকে বেড়ে ১৩ শতাংশে পৌঁছাতে পারে। খ্রিষ্টানদের অংশ কমে এলেও তাঁরা ওই অঞ্চলে সংখ্যাগরিষ্ঠ থাকবেন বলে পূর্বাভাস দিয়েছে পিউ।
যুক্তরাষ্ট্রেও খ্রিষ্টান জনগোষ্ঠীর অনুপাত কমার সম্ভাবনা রয়েছে। ২০২০ সালে দেশটির মোট জনসংখ্যার ৬৪ শতাংশ ছিলেন খ্রিষ্টান। ২০৭০ সাল নাগাদ এ হার কমে ৪৮ শতাংশে দাঁড়াতে পারে। একই সময়ে যুক্তরাষ্ট্রে ধর্মীয় পরিচয়হীন মানুষের সংখ্যা বাড়বে বলে ধারণা করা হচ্ছে। দেশটিতে খ্রিষ্টান জনগোষ্ঠীর মোট সংখ্যাও ২০২০ সালের ২১ কোটি ৭০ লাখ থেকে কমে ২০৭০ সালে ১৭ কোটি ৪০ লাখে নেমে আসতে পারে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, হিন্দু ও ইহুদি জনগোষ্ঠীর সংখ্যা বাড়লেও বিশ্ব জনসংখ্যার অনুপাতে তাদের অংশ কিছুটা কমতে পারে। অন্যদিকে বৌদ্ধ ধর্মাবলম্বীর সংখ্যা এবং বিশ্ব জনসংখ্যায় তাঁদের অংশ দুটোই হ্রাস পাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশে জনসংখ্যা কমে যাওয়াকে এর অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হয়েছে।
দেশভিত্তিক হিসাবেও গুরুত্বপূর্ণ পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে পিউ। বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিমের বসবাস ইন্দোনেশিয়ায়। তবে ২০৭০ সাল নাগাদ পাকিস্তান এ অবস্থান দখল করতে পারে। এরপর থাকবে ভারত, নাইজেরিয়া ও ইন্দোনেশিয়া। একই সময়ে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে বেশি খ্রিষ্টান জনগোষ্ঠীর দেশ হতে পারে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র।
পিউয়ের গবেষকেরা সতর্ক করে বলেছেন, ইসলাম ও খ্রিষ্টধর্মের অনুসারীর সংখ্যা বৃদ্ধিকে এক ধর্মের সঙ্গে অন্য ধর্মের প্রতিযোগিতা বা সংঘাত হিসেবে দেখার সুযোগ নেই। দুই ধর্মের অনুসারীই সংখ্যায় বাড়বে। মুসলিমদের সংখ্যা বৃদ্ধির বড় অংশ ঘটবে এমন দেশগুলোতে, যেখানে তাঁরা আগে থেকেই সংখ্যাগরিষ্ঠ। ফলে এ পরিবর্তনের পেছনে ধর্মান্তরের চেয়ে জন্ম ও মৃত্যুর ব্যবধান এবং জনসংখ্যার বয়সভিত্তিক কাঠামোর প্রভাব বেশি।
গবেষণায় ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত বিভিন্ন ধর্মীয় জনগোষ্ঠীর সম্ভাব্য পরিবর্তন তুলে ধরা হয়েছে। এসব হিসাব নিশ্চিত ভবিষ্যৎ নয়; বর্তমান জনমিতিক প্রবণতা অব্যাহত থাকার ভিত্তিতে তৈরি পূর্বাভাস।
মতামত দিন