কোলবালিশ জড়িয়ে ঘুমানো কি ভালো অভ্যাস, কী বলছেন বিশেষজ্ঞরা
রাতে ঘুমানোর সময় অনেকেরই কোলবালিশ ছাড়া চলে না। কারও কাছে এটি ছোটবেলার অভ্যাস, কারও কাছে আবার আরামদায়ক ঘুমের অনুষঙ্গ। তবে প্রশ্ন হলো, কোলবালিশ জড়িয়ে ঘুমানো আসলেই কি শরীরের জন্য উপকারী, নাকি এটি নিছকই একটি স্বভাবগত অভ্যাস? স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সঠিক নিয়মে কোলবালিশ ব্যবহার করলে শরীরের ভঙ্গি ঠিক থাকে, মেরুদণ্ডের ওপর চাপ কমে এবং সার্বিকভাবে ঘুমের মানও উন্নত হয়।
মেরুদণ্ডের সঠিক অবস্থান বজায় রাখে: পাশ ফিরে ঘুমানোর সময় হাঁটু ও কোমরের মাঝে কোলবালিশ রাখলে শরীর অপেক্ষাকৃত নিরপেক্ষ একটি অবস্থানে থাকে। এতে কোমর, নিতম্ব ও মেরুদণ্ডের ওপর অতিরিক্ত চাপ কমে যায়, ফলে সকালে ঘুম থেকে উঠে শরীরে ব্যথা বা অস্বস্তি অনুভূত হওয়ার সম্ভাবনাও কমে।
কোমর ও নিতম্বের চাপ লাঘব করে: দীর্ঘ সময় বসে কাজ করেন এমন ব্যক্তি কিংবা যাদের কোমরে হালকা ব্যথা রয়েছে, তাদের ক্ষেত্রে কোলবালিশ বিশেষভাবে কার্যকর হতে পারে। পা দুটির মধ্যে যথাযথ দূরত্ব বজায় রাখতে সহায়তা করার মাধ্যমে এটি নিতম্বের জোড়ায় চাপ কমায়, যার ফলে ঘুম হয় অনেকটাই আরামদায়ক।
কাঁধ ও হাতের জন্যও স্বস্তিদায়ক: লম্বা আকৃতির কোলবালিশ বুকে জড়িয়ে ঘুমালে ওপরের হাত ও কাঁধের কিছুটা ওজন বালিশ বহন করে নেয়। এতে কাঁধে টান কম অনুভূত হয় এবং পাশ ফিরে ঘুমানোও তুলনামূলক সহজ হয়ে ওঠে।
গর্ভাবস্থায় বাড়তি আরাম: গর্ভাবস্থায়, বিশেষত দ্বিতীয় ও তৃতীয় ত্রৈমাসিকে চিকিৎসকেরা সাধারণত পাশ ফিরে ঘুমানোর পরামর্শ দিয়ে থাকেন। এই সময়ে কোলবালিশ বা বিশেষায়িত প্রেগন্যান্সি পিলো পেট, কোমর ও হাঁটুর ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং অন্তঃসত্ত্বা নারীদের আরামে ঘুমাতে সহায়তা করে।
বারবার কাত বদলানোর প্রবণতা কমায়: অনেকের ক্ষেত্রে কোলবালিশ শরীরকে একটি স্থিতিশীল ভঙ্গিতে রেখে দেয়, ফলে ঘুমের মধ্যে অযথা নড়াচড়া কমে আসে এবং ঘুম হয় কিছুটা বেশি স্বস্তিদায়ক। তবে এ বিষয়ে এখনো পর্যাপ্ত বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি বলে বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন।
যেসব বিষয়ে সতর্ক থাকা জরুরি: কোলবালিশ থেকে সর্বোচ্চ উপকার পেতে হলে শুধু এটি ব্যবহার করলেই চলবে না, বরং সঠিক নিয়ম মেনে চলাও সমান গুরুত্বপূর্ণ। এ বিষয়ে বিশেষজ্ঞরা বেশ কিছু পরামর্শ দিয়েছেন—
বালিশের গঠন ও উপাদান নিয়ে সচেতন থাকা প্রয়োজন। বালিশটি যেন খুব বেশি নরম বা অতিরিক্ত শক্ত না হয়, তা নিশ্চিত করতে হবে। অতিরিক্ত নরম বালিশ শরীরের ওজনের চাপে দ্রুত বসে যায় এবং প্রয়োজনীয় সাপোর্ট দিতে পারে না, ফলে মেরুদণ্ড ও কোমরের ওপর উল্টো চাপ পড়তে পারে। অন্যদিকে খুব শক্ত বালিশ শরীরের সঙ্গে ঠিকভাবে খাপ খায় না এবং দীর্ঘক্ষণ ব্যবহারে হাঁটু বা কোমরে অস্বস্তি তৈরি করতে পারে। তাই মাঝারি ঘনত্বের, কিন্তু সহজে আকার ধরে রাখতে পারে এমন বালিশ বেছে নেওয়াই ভালো।
বালিশের আকার ও দৈর্ঘ্যের বিষয়টিও গুরুত্বপূর্ণ। এমন দৈর্ঘ্যের বালিশ বেছে নেওয়া উচিত, যা বুক থেকে হাঁটু পর্যন্ত পর্যাপ্ত সাপোর্ট দিতে সক্ষম। খুব ছোট আকারের বালিশ শরীরের পুরো অংশ ঠিকভাবে ধরে রাখতে পারে না, ফলে ঘুমের মধ্যে বারবার নড়াচড়া করতে হতে পারে। আবার শরীরের উচ্চতা ও ঘুমানোর ভঙ্গি অনুযায়ী বালিশের আকার নির্বাচন করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায় — লম্বা মানুষদের জন্য তুলনামূলক দীর্ঘ বালিশ, আর যারা কম জায়গায় ঘুমাতে অভ্যস্ত তাদের জন্য মাঝারি আকারের বালিশ উপযোগী।
পরিচ্ছন্নতার দিকটিও উপেক্ষা করার সুযোগ নেই। বালিশের কভার নিয়মিত ধুয়ে পরিষ্কার রাখা প্রয়োজন, যাতে ধুলাবালি বা জীবাণু জমতে না পারে। প্রতিদিন দীর্ঘ সময় ধরে শরীরের সংস্পর্শে থাকায় কোলবালিশে ঘাম, তেল ও মৃত কোষ জমে সহজেই ব্যাকটেরিয়া ও ধুলাবালির আশ্রয়স্থল হয়ে উঠতে পারে। এতে অ্যালার্জি, ত্বকের সমস্যা এমনকি শ্বাসকষ্টজনিত অস্বস্তিও দেখা দিতে পারে। তাই সপ্তাহে অন্তত একবার কভার ধোয়া এবং মাঝেমধ্যে বালিশ রোদে দেওয়া ভালো অভ্যাস।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোলবালিশকে চিকিৎসার বিকল্প হিসেবে না দেখা। যাদের দীর্ঘদিন ধরে তীব্র ঘাড়, পিঠ বা কোমরের ব্যথা রয়েছে, তাদের শুধু কোলবালিশের ওপর নির্ভর না করে চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়। কোলবালিশ ঘুমের আরাম বাড়াতে ও সাময়িক অস্বস্তি কমাতে সহায়ক হতে পারে, কিন্তু এটি কোনো দীর্ঘমেয়াদি শারীরিক সমস্যার প্রকৃত সমাধান নয়। এ ধরনের ব্যথা অবহেলা করলে ভবিষ্যতে জটিলতা বাড়তে পারে, তাই সময়মতো বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াটাই সবচেয়ে নিরাপদ পথ।
মতামত দিন