Views Bangladesh Logo

হরমুজ অতিক্রমের চেষ্টা করলে প্রতিটি জাহাজ লক্ষ্যবস্তু হবে: আইআরজিসি

হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করা প্রতিটি নৌযানকে লক্ষ্যবস্তু করা হবে বলে হুমকি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌশাখা। তারা জানিয়েছে, হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গুরুত্বপূর্ণ এই জাহাজ চলাচলের পথটি পুনরায় খুলে দেওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে এই নাটকীয় পরিবর্তন এল।

ইরানের স্টুডেন্ট নিউজ এজেন্সিতে (আইএসএনএ) শনিবার প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি নৌশাখা জানায়, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানি জাহাজ ও বন্দরগুলোর ওপর থেকে নৌ-অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত এই প্রণালি বন্ধ থাকবে। তারা বলে, এই অবরোধ ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের চলমান যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন।

বিবৃতিতে বলা হয়, পারস্য উপসাগর এবং ওমান সাগরে নোঙর করা কোনো জাহাজ যেন নড়াচড়া না করে। হরমুজ প্রণালির দিকে অগ্রসর হওয়াকে শত্রুর সঙ্গে সহযোগিতা হিসেবে গণ্য করা হবে এবং আইন অমান্যকারী জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে।

এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার ও তেহরান-ওয়াশিংটন আলোচনার অন্যতম প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন, হরমুজ প্রণালি ইসলামি প্রজাতন্ত্রের নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি আরও বলেন, আমেরিকানরা বেশ কয়েক দিন ধরে অবরোধ ঘোষণা করে আসছে। এটি অজ্ঞতাপূর্ণ সিদ্ধান্ত।

ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতির সঙ্গে সামঞ্জস্য রেখে ইরান সাময়িকভাবে প্রণালিটি খুলে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এই নতুন ঘোষণা এল। গত শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জলপথটিকে ‘সব বাণিজ্যিক জাহাজের জন্য সম্পূর্ণ উন্মুক্ত’ বলে ঘোষণা করেছিলেন, যার পর বিশ্ববাজারে তেলের দাম কমে গিয়েছিল।

আইআরজিসির সিদ্ধান্ত পরিবর্তনের আগে এক ডজনেরও বেশি বাণিজ্যিক জাহাজ এই জলপথ অতিক্রম করেছিল।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ